
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে কি বাতাসা খাওয়ানো হবে?” রবিবার এমনই কড়া ভাষায় রাজ্যের দুষ্কৃতীদের হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ওই দিনই এনকাউন্টারে মৃত্যু হয়েছে শান্তিনিকেতনের গুলিকাণ্ডের মূল অভিযুক্ত রতন শেখের। এই ঘটনার পরই রাজ্যে অপরাধী ও বেআইনি আগ্নেয়াস্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। তাঁর সাফ বার্তা, রাজ্যে দুষ্কৃতী ও অবৈধ অস্ত্রের কোনও জায়গা নেই। যাঁদের কাছে বেআইনি আগ্নেয়াস্ত্র রয়েছে, তাঁদের অবিলম্বে রাজ্য ছেড়ে পালানোরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। অন্যথায় কঠোর পরিণতির মুখে পড়তে হতে পারে বলেও স্পষ্ট ইঙ্গিত দেন শুভেন্দু।
সংবাদসংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে শুভেন্দু বলেন, রতনকে গ্রেফতার করতে গিয়েছিল পুলিশ। সেই সময় সে পুলিশের উপর গুলি চালিয়েছিল। আত্মরক্ষায় পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ করেছে। তবে এই ঘটনায় এর বেশি মন্তব্য করতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, 'ও পুলিশকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল। পুলিশ ঘটনাস্থলে যা করার প্রয়োজন, তা-ই করেছে। এই বিষয়ে আমার বেশি কিছু বলা ঠিক হবে না।' এরপরেই তিনি বলেন, 'দুষ্কৃতী ও ধর্ষকদের জন্য পশ্চিমবঙ্গে কোনও জায়গা নেই।' মুখ্যমন্ত্রীর কথায়, 'এখনও যেসব দুষ্কৃতী এবং বেআইনি অস্ত্রধারী রয়েছে, তারা এখান থেকে পালিয়ে যাক। অবিলম্বে রাজ্য ছেড়ে চলে যাক। এখানে তাদের কোনও জায়গা নেই।'
পুলিশ সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যায় বোলপুরের লায়েকবাজার এলাকায় গুলিচালনার ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ছিল রতন শেখ। তাকে গ্রেফতার করতে তিন পুলিশকর্মীর একটি দল এলাকায় পৌঁছয়। অভিযোগ, পুলিশকে দেখতে পেয়েই গুলি চালায় রতন। তাতে বাঁ পায়ে গুলিবিদ্ধ হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। এরপরেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। ঘটনার পর থেকেই তার খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ। শেষ পর্যন্ত রবিবার বীরভূমের নানুরে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়।
