
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের প্রায় ছ’মাস পেরিয়ে গেলেও বিজেপির অন্দরে তোলাবাজি ও জমি দখলের অভিযোগ ঘিরে অস্বস্তি অব্যাহত। দলের নিচুতলার একাংশের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে আসায় রীতিমতো চাপে বঙ্গ বিজেপি। পরিস্থিতি সামাল দিতে তোলাবাজির বিরুদ্ধে সরব হয়েছেন দলের একাধিক নেতা। এমনকী কর্মীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যও। এরই মধ্যে এবার খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে তোলাবাজির অভিযোগ উঠল। বিষয়টি জানতে পেরেই কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই নির্দেশের পরই গ্রেপ্তার করা হয়েছে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণকে। তাঁর বিরুদ্ধে প্রায় ৬ কোটি টাকা তোলাবাজির অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ধৃত বিজেপি নেতা টাকা তুলছিলেন বলে খবর আসে। শুধু তাই নয়, বিভিন্ন নির্বাচনে প্রার্থী করে দেওয়ার টোপ দিয়েও একাধিক নেতাদের কাছ থেকে অভিজিৎ করণ টাকা তুলতেন বলেও অভিযোগ। প্রতারিত এক বিজেপি নেতার অভিযোগ, বিধানসভা নির্বাচনে প্রার্থী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর থেকে ১২ লক্ষ টাকা নিয়েছিলেন অভিজিৎ। কলকাতার একটি হোটেলে ওই টাকা নেওয়া হয় বলে অভিযোগ। কিন্তু শেষমেশ প্রার্থীও করা হয়নি। এমনকী টাকাও এখনও ফেরত পাননি বলে অভিযোগ ওই বিজেপি নেতার।
ওই নেতার দাবি, শুধু তিনিই প্রতারিত হয়েছেন তা নয়, খঞ্চির এক বিজেপি নেতার কাছ থেকেও একইভাবে প্রায় ৬ লাখ টাকা ধৃত অভিজিৎ তোলাবাজি করেছিলেন বলে অভিযোগ। শুধু তাই নয়, খোদ মুখ্যমন্ত্রীর নাম ব্যবহার করে তিনি তোলাবাজি চালাতেন বলে অভিযোগ। এরপরেই প্রতারিত ওই বিজেপি নেতা পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতির বিরুদ্ধে পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেন। এদিকে এহেন ঘটনার খবর কানে যাওয়া মাত্র কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন শুভেন্দু অধিকারী। অভিজিতের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ করার জন্য পুলিশ সুপারের কাছেও নির্দেশ পৌঁছয়। এরপরে পূর্ব মেদিনীপুরের নন্দকুমার-১ মণ্ডল কমিটির সহ-সভাপতি অভিজিৎ করণকে গ্রেপ্তার করে পুলিশ।
