
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আদালত অবমাননা মামলায় বড়সড় স্বস্তি পেলেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। ২০২৫ সালের একটি মামলায় কলকাতা হাই কোর্ট তাঁকে দোষী সাব্যস্ত করলেও সোমবার সেই রায়ে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। কুণালের আইনজীবীদের সওয়ালের পর শীর্ষ আদালতের এই নির্দেশে আপাতত স্বস্তিতে বেলেঘাটার বিধায়ক। সংশ্লিষ্ট সব পক্ষকে নোটিসও জারি করেছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ।
মামলাটি ২০২৫ সালের এপ্রিল মাসের। কলকাতা হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে উচ্চ প্রাথমিকে অতিরিক্ত শূন্যপদ নিয়োগ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। নিয়োগ প্রক্রিয়ায় হাই কোর্ট স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু শুনানিতে রাজ্যের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবেদন জানিয়েছিলেন সেই স্থগিতাদেশ প্রত্যাহারের। জবাবে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, রাজ্য সরকারকে এই আবেদন লিখিত আকারে পেশ করতে হবে। এই ঘটনার পরই হাই কোর্ট চত্বরে বিক্ষোভে ফেটে পড়ে চাকরিপ্রার্থীদের একাংশ। তাঁদের অভিযোগ ছিল, সুপারনিউমেরারি পদ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও হাইকোর্টে নিয়োগ মামলার কোনও অগ্রগতি হচ্ছে না। হাই কোর্ট সংলগ্ন যে এলাকা সংরক্ষিত ছিল, সেখানেই জমায়েত করে এই বিক্ষোভ চলে। এই ঘটনায় তৎকালীন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বিচারপতিদের উদ্দেশে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন। আইনজীবীদের বিরুদ্ধেও বেআইনিভাবে আর্থিক লেনদেনের অভিযোগ ছিল তাঁর।
তাতেই আদালত অবমাননা মামলায় হাই কোর্টের তিন বিচারপতির বেঞ্চ কুণাল ঘোষকে দোষী সাব্যস্ত করেছিল। বিশেষ বেঞ্চের সেই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিলেন কুণাল। সোমবার সুপ্রিম কোর্ট তাতে হস্তক্ষেপ করে সেই রায়ে স্থগিতাদেশ দিল। কুণাল ঘোষের আইনজীবী অয়ন চক্রবর্তী ও শাম্ব নন্দী সোমবার বিষয়টি সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের বিবেচনায় আনেন। এরপরই হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ জারি ও নোটিস ইস্যুর নির্দেশ দেয় শীর্ষ আদালত।
