
সিউড়ি, ১৬ নভেম্বর : বীরভূম জেলার নানুরে পুলিশের 'এনকাউন্টারে' কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চলমান বিতর্ক ও রাজনৈতিক চাপানউতোরের মধ্যেই সোমবার সকালে সাংবাদিক বৈঠক করে পুরো ঘটনার আনুষ্ঠানিক বিবরণ দিল বীরভূম জেলা পুলিশ। পুলিশের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ধৃত রতন শেখকে নিয়ে একটি ইটভাটায় লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র উদ্ধার করতে যাওয়া হয়েছিল। সেই সময় আচমকা পুলিশকর্মীদের লক্ষ্য করে গুলি চালায় রতন, যা পুলিশের গাড়িতে এসে লাগে। এরপরই পুলিশ কর্মীরা 'আত্মরক্ষার্থে' পাল্টা গুলি চালালে রতন শেখের মৃত্যু হয়।
সোমবার সকালে সাংবাদিক বৈঠকে বীরভূমের পুলিশ সুপার (এসপি) বিদিত রাজ ভুন্দেশ জানান, মৃত রতন শেখ একজন অপরাধী ছিল এবং তার বিরুদ্ধে ডাকাতি, বেআইনি আগ্নেয়াস্ত্র রাখা ও চোরাচালান সহ একাধিক গুরুতর মামলা রয়েছে। অতীতেও বহুবার তাকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়েছিল এবং সম্প্রতি সে জেল থেকে ছাড়া পেয়েছিল। রতনের ঘনিষ্ঠ সহযোগী রমেশ কোড়ার খোঁজেও পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে বলে জানান পুলিশ সুপার। ঘটনার সূত্রপাত প্রসঙ্গে এসপি বিদিত রাজ ভুন্দেশ বলেন, "গত শুক্রবার (১৩ নভেম্বর) শান্তিনিকেতনের লাইকবাজার এলাকায় পুলিশের হাত থেকে পালানোর সময় এক পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাসকে গুলি করে খুন করে রতন শেখ। সেই ঘটনার পর থেকেই গোয়েন্দা সূত্র কাজে লাগিয়ে ও একাধিক বিশেষ দল গঠন করে তার সন্ধানে ব্যাপক তল্লাশি শুরু করা হয়।"
পুলিশ সুপার জানান, রবিবার গোপন সূত্রে খবর পাওয়া যায় যে রতন বর্ধমানের একটি এলাকায় গা-ঢাকা দিয়ে রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে রবিবার বিকেলে বর্ধমানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। এসপি ভুন্দেশের কথায়, "গ্রেফতারের পর জেরায় ১৩ তারিখের ঘটনার পর সে কোথায় গিয়েছিল এবং পুলিশকর্মীকে খুনে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রটি কোথায় লুকিয়ে রেখেছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেয়। তার দেখানো পথ অনুযায়ীই রবিবার সন্ধ্যায় পুলিশের একটি দল তাকে নিয়ে সংশ্লিষ্ট ইটভাটায় অস্ত্র উদ্ধার করতে যায় এবং সেখানেই ওই অনভিপ্রেত ঘটনাটি ঘটে।" উল্লেখ্য, এই 'এনকাউন্টার'-এর সত্যতা এবং পুলিশের 'আত্মরক্ষার' তত্ত্ব নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী রাজনৈতিক দলগুলি। সেই বিতর্কের আবহেই এদিন সাংবাদিক বৈঠক করে নিজেদের অবস্থান ও ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ স্পষ্ট করল বীরভূম জেলা পুলিশ।
