
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সামান্যতেই উদ্বেগ, সারাক্ষণ মনের অস্থিরতা আর অহেতুক দুশ্চিন্তা—ক্রমশ গ্রাস করছে শরীর ও মনকে। হারিয়ে যাচ্ছে কাজের উদ্যম, বাড়ছে ক্লান্তি। মানসিক চাপ কাটিয়ে মনকে শান্ত ও চনমনে রাখতে সাহায্য করতে পারে কয়েকটি সহজ যোগমুদ্রার অভ্যাস।
মুষ্টিমুদ্রা
প্রথমে পিঠ সোজা রেখে সুখাসন বা পদ্মাসনে বসুন। পদ্মাসনে বসতে না পারলে সুখাসনেই বসতে পারেন। দুই হাত থাকবে হাঁটুর উপরে। এ বারে দুই হাতের আঙুলগুলি ভাঁজ করে হাত মুঠো করুন। বুড়ো আঙুলটি বাকি আঙুলগুলির উপর আলতো করে রাখুন। মুঠো করা হাত খুব শক্ত করে রাখবেন না। হাতের পেশি শিথিল রাখুন। দুই কাঁধও টানটান থাকবে। মুঠো করা হাত দুই হাঁটুর উপরে রেখে গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে।
অপান মুদ্রা
দু’টি হাতের তর্জনি-মধ্যমা আর অনামিকা-কনিষ্ঠা জুড়ে রাখুন। এ বার অনামিকা এবং মধ্যমাকে পরস্পরের থেকে দূরে ঠেলে ইংরেজির ‘ভি’ অক্ষরের মতো আকার তৈরি করুন আঙুলের ফাঁকে। বুড়ো আঙুল অনামিকার গোড়ায় স্পর্শ করে রাখুন। এই অবস্থায় পদ্মাসনে বসে দু’টি হাত হাঁটুর উপর রাখতে পারেন।
গণেশ মুদ্রা
পা মুড়ে সুখাসনে বসুন। পদ্মাসনেও বসতে পারেন। বাঁ হাত ভাঁজ করে বুকের কাছে আনুন। হাতের তালু বাইরের দিকে থাকবে। এর পর ডান হাত একই ভাবে বুকের কাছে এনে মুঠো করে বাঁ হাতের আঙুলগুলি ধরুন। ডান হাতের তালু কিন্তু ভিতরের দিকে থাকবে। দুই হাত এই ভাবে মুষ্টিবদ্ধ করতে হবে । দুই হাতের আঙুল পরস্পরের সঙ্গে মুষ্টিবদ্ধ রেখেই গভীর ভাবে শ্বাস নিতে ও ছাড়তে হবে। এই ভাবে শুরুতে পাঁচ সেট করে মুদ্রাটি অভ্যাস করুন।
