
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:ল্যাপটপ বা কম্পিউটারের সামনে বসে থাকতে থাকতে কখন যে সন্ধ্যা নেমে আসে, তার খেয়ালই থাকে না। দিনের আলোয় বাইরে বেরোনোর সুযোগও মেলে না অনেকের। বদলে যাওয়া কর্মসংস্কৃতিতে ওয়ার্ক ফ্রম হোমের পাশাপাশি অফিসে যাতায়াতের ক্ষেত্রেও ব্যক্তিগত গাড়ির উপর নির্ভরতা বেড়েছে। ফলে কর্মক্ষেত্র হোক বা বাড়ি, দিনের বেশির ভাগ সময়ই কাটছে চার দেওয়ালের মধ্যে। তার উপর দীর্ঘক্ষণ এসির ঠান্ডা ঘরে বসে কাজ করার অভ্যাস। এই জীবনযাত্রার প্রভাব পড়ছে শরীরের উপরেও। বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত সূর্যালোকের সংস্পর্শে না আসা এবং শারীরিক পরিশ্রমের অভাব ভিটামিন ডি-র ঘাটতি ও হাড়ের স্বাস্থ্যের সমস্যার ঝুঁকি বাড়াতে পারে।নয়ডানিবাসী অস্থিরোগ চিকিৎসক সুমিত বুধবারের মতে, টানা ঘরে থাকার অভ্যাসে হাড়ের প্রবল ক্ষতি হচ্ছে। হাড়ের ক্ষয় বা দুর্বলতা মানেই তা বয়স্কদের রোগ তা কিন্তু নয়। কম বয়সিদের মধ্যে কোমর, পিঠ, কাঁধের ব্যথা, হাড়ের সমস্যা দেখা দিচ্ছে।
কী ভাবে ক্ষতি হচ্ছে অজান্তে?
ভিটামিন ডি-এর অভাব: হাড় মজবুত রাখার জন্য জরুরি ভিটামিন ডি। ত্বকে ভিটামিন ডি তৈরি হয় সূর্যালোকের উপস্থিতিতে। ভিটামিন ডি ক্যালশিয়াম শোষণে সাহায্য করে। ফলে ভিটামিন ডি-র ঘাটতি ক্যালশিয়ামের অভাবের কারণ হতে পারে। আর তার ফলেই হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে ধীরে ধীরে।
বসে কাজ: কাজ করতে হয়ে চেয়ারে বসে। কাজের চাপে অনেকেই উঠতে পারেন না। হাঁটাহাটির সুযোগ হয় না। যা হাড়ের সমস্যার বড় কারণ। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে কোমর আর ঘাড়ের পেশিও দুর্বল হয়ে যায়, ব্যথা বাড়ে।
জীবনযাপনের ভুল: ব্যস্ততায় না খাওয়া, মুখরোচক খাবার খেতে গিয়ে পুষ্টিতে ফাঁক, খাবারে পর্যাপ্ত ক্যালশিয়াম ও প্রোটিনের অভাবে সমস্যা বাড়ে। ধূমপান এবং মদ্যপানের অভ্যাস যোগ হলে হাড়ের ক্ষতি হয় দ্রুত।
সহজ কিছু বদল প্রয়োজন
গায়ে রোদ লাগা দরকার: সপ্তাহে অন্তত বেশ কয়েকদিন ৩-৪ দিন রোদে হাঁটাহাটি করুন লাগান। সকালের দিকে বা বিকেলে হাঁটলেও চলবে। কাজে বেরোলেও চেষ্টা করুন গাড়ি না নিয়ে কিছুটা রাস্তা হাঁটতে।
বিরতি জরুরি: টানা বসে না থেকে মাঝে মাঝে উঠে একটু পায়চারি করুন। লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন এবং সম্ভব হলে সপ্তাহে অন্তত দু’দিন হালকা শারীরচর্চা করুন।
খাবারে নজর: রোজকার ডায়েটে ক্যালশিয়াম, ফসফরাস, জ়িঙ্ক, ভিটামিন ও প্রোটিনে ভরপুর খাবার রাখুন। ডিম, দুধ, টক দই, পনির, রাগি এবং সবুজ শাকসব্জি, মাছ, মাংস খাবার তালিকায় রাখা দরকার।
