
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আচমকাই সাসপেন্ড করা হল গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট। সোমবার সকাল থেকে সমাজমাধ্যমে আর দেখা যাচ্ছে না ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের এই অ্যাকাউন্টটি। সেটি খুললেই ভেসে উঠছে ‘অ্যাকাউন্ট সাসপেন্ডেড’ বার্তা। যদিও কী কারণে এই পদক্ষেপ, তা এখনও স্পষ্ট নয়। তবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার পিছনে কালীঘাট শিবিরের হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গণতান্ত্রিক তৃণমূল। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেসের তরফে এক্স কর্তৃপক্ষের কাছে রিপোর্ট করার ফলেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্যদিকে, তৃণমূলের নাম ও ঘাসফুল প্রতীক নিয়ে দুই শিবিরের মধ্যে চলা সংঘাতের আবহে ঋতব্রতদের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে কালীঘাট শিবির।
ছাব্বিশের ভোটে রাজ্যের শাসন ক্ষমতা খুইয়ে এখন দু’ভাগ তৃণমূল কংগ্রেস। একটি মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আরেকটি গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। প্রথমটির রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ও দ্বিতীয়টি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের। নির্বাচন কমিশনে দু’পক্ষই আদি বা আসল তৃণমূল কংগ্রেসের তকমা পেতে চেয়ে লড়াই করছে। তৃণমূল কংগ্রেস ও ঘাসফুল প্রতীকের দাবি দু’তরফেরই। মমতা ও ঋতব্রতদের তরফে স্বপক্ষে ট্রাকভর্তি নথি জমা দেওয়ার পরও কমিশন এই মামলার নিষ্পত্তি করেনি। তবে তৃণমূল কংগ্রেসের সোশাল মিডিয়া এখনও কালীঘাট শিবিরের হাতে। ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নামে যে ফেসবুক ও এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট আছে, তাতে মূলত পোস্ট দেখা যায় মমতা শিবিরের। এসব অ্যাকাউন্টে ঋতব্রতদের কোনও অ্যাকসেস নেই।
সেই কারণে ঋতব্রতদের গণতান্ত্রিক তৃণমূলের তরফে ‘AITCofficial26’ নামে একটি এক্স হ্যান্ডল অ্যাকাউন্ট খোলা হয়েছিল। যা আজ সকাল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। সাধারণত নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে কর্তৃপক্ষ কোনও অ্যাকাউন্ট সাসপেনশনের সিদ্ধান্ত নেয়। তবে কি AITCofficial26-এর কোনও পোস্টে আইনভঙ্গের মতো কিছু ঘটেছে? তা স্পষ্ট নয়। তবে ঋতব্রতদের অভিযোগ, মমতা তৃণমূল তাদের ওই এক্স অ্যাকাউন্টের বিরুদ্ধে রিপোর্ট করায় তা সাসপেন্ড হয়েছে। এই অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে কালীঘাট নেতৃত্ব।
