
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার নির্দেশে আগেই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাই কোর্ট। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হল। সোমবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশে বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশের মেয়াদ আগামী ১ ডিসেম্বর পর্যন্ত বহাল রাখা হয়েছে। পাশাপাশি বাড়ি ভাঙার প্রক্রিয়া সংক্রান্ত যাবতীয় তথ্য জানিয়ে রাজ্য সরকার এবং জাহাঙ্গির খান, উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। ফলে আপাতত জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার প্রক্রিয়া বন্ধই থাকছে।
বাড়ি ভাঙার নোটিস দেওয়ার সময়ে তার ভিডিয়ো রেকর্ডিং করার নিয়ম রয়েছে। কিন্তু সেই নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছিল। তার পরেই গত ১৩ নভেম্বরের শুনানিতে রাজ্য সরকারকে সেই ভিডিয়ো রেকর্ডিং পেশ করার নির্দেশ দেন বিচারপতি। সেই অনুযায়ী এ দিন শুনানিতে ভিডিয়োর বদলে কয়েকটি স্টিল ছবি পেশ করা হয়। কিন্তু সেই ছবি দেখে সন্তুষ্ট হতে পারেনি আদালত। বিচারপতি শুভ্রা ঘোষের পর্যবেক্ষণ অনুযায়ী, বাড়িতে নোটিস দিতে যাঁরা গিয়েছিলেন, তাঁরা ছবিতে বাড়িটি সুনির্দিষ্ট ভাবে চিহ্নিত করেননি। জমা দেওয়া ছবিতে শুধুমাত্র একটি কোলাপসিবল গেট দেখা যাচ্ছে। ফলে ওই ছবির ভিত্তিতে বাড়িটির অবস্থান সম্পর্কে স্পষ্ট ধারণা মিলছে না। এর পরেই স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়ে বাড়ি ভাঙার প্রক্রিয়া নিয়ে রাজ্য ও জাহাঙ্গীর—উভয় পক্ষকেই হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১ ডিসেম্বর। সেই দিন পর্যন্ত বাড়ি ভাঙার কাজ বন্ধ থাকবে।
নিয়ম অনুযায়ী , দোতলার বেশি উঁচু বাড়ি তৈরি করতে হলে জেলা পরিষদের অনুমোদন প্রয়োজন। কিন্তু ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়ির ক্ষেত্রে সেই নিয়ম মানা হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে জেলা প্রশাসন। পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। আদালত ওই বাড়ির বেআইনি নির্মাণ ভেঙে ফেলার অনুমতি দেয়। এর পরে গত বুধবার ভাইফোঁটার দিন সকালে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার কাজ শুরু করে প্রশাসন। প্রথমে বাড়ির ভিতরের আসবাব-সহ থেকে বিভিন্ন জিনিস আগে সরানো হয়। তার পরে শুরু হয় ভাঙার কাজ। কিন্তু জাহাঙ্গিরের অভিযোগ, তাঁকে কিংবা তাঁর পরিবারের কাউকে নোটিস না দিয়েই বাড়ি ভাঙতে শুরু করে প্রশাসন। সেই অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হন তাঁরা।
