
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: প্রয়াত হলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের সহ-অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ভজনানন্দজি মহারাজ। সোমবার বেলা নাগাদ বৃন্দাবনের রামকৃষ্ণ মিশন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন মহারাজ। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বেশ কিছুদিন ধরে ওই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে এসেছে ভক্ত ও অনুরাগীদের মধ্যে। মহারাজের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
২০২২ সালের এপ্রিল মাসে স্বামী ভজনানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হন। শেষদিন পর্যন্ত সেই পদেই ছিলেন তিনি। বেলুড় মঠের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ২৯ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে ভর্তি করা হয়। আলঝাইমার্স, পারকিনসনিজম এবং যক্ষ্মা রোগেও তিনি আক্রান্ত ছিলেন। বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন হাসপাতালেই তাঁর চিকিৎসা চলছিল। হাসপাতালে ভর্তির পর তাঁর নিউমোনাইটিসও ধরা পড়েছিল। শোকবার্তায় জানানো হয়েছে, আজ, সোমবার বেলা ১২টা ১৩ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সামাজিক মাধ্যমে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লিখেছেন, “রামকৃষ্ণ মঠ ও মিশনের সহ-সভাপতি পরমপূজ্য শ্রীমৎ স্বামী ভজনানন্দ মহারাজ আজ ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণদেবের চরণে লীন হয়েছেন। আমি তাঁর মহাপ্রয়াণে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করছি। তাঁর জীবন, আধ্যাত্মিক সাধনা, ত্যাগ ও মানবসেবার আদর্শ অগণিত মানুষের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে। মহারাজের পবিত্র আত্মা পরম করুণাময় ঠাকুর শ্রীশ্রী রামকৃষ্ণদেবের শ্রীচরণে চিরশান্তি লাভ করুক এই প্রার্থনা করি। শ্রীশ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মহারাজের অসংখ্য ভক্ত, অনুরাগী ও শিষ্যদের এই গভীর শোক সহ্য করার শক্তি দিন।”
স্বামী ভজনানন্দ ১৯৩৬ সালের ১ জুলাই কেরলমের এর্নাকুলাম জেলায় জন্মগ্রহণ করেছিলেন। ১৯৬১ সালে তিনি বেঙ্গালুরু মঠে যোগ দিয়েছিলেন। বেলুড় মঠের প্রাক্তন সহ-সভাপতি স্বামী যতীশ্বরানন্দের মন্ত্রশিষ্য ছিলেন স্বামী ভজনানন্দ। ১৯৭১ সালে তিনি সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেন। বেলুড় মঠের দশম অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দের কাছ থেকে তিনি এই দীক্ষা নিয়েছিলেন। একাধিক গুরুদায়িত্ব পালন করেছেন তিনি। বেলুড় মঠের তরফে শোকবার্তায় জানানো হয়েছে, “মহারাজ তাঁর অনাড়ম্বর জীবন ও কঠোর ব্রতের জন্য সকলের কাছে শ্রদ্ধেয় ছিলেন। তিনি ছিলেন অসাধারণ পণ্ডিত। তাঁর প্রয়াণে এক অপূরণীয় শূন্যতা তৈরি হল। সেটি অদূর ভবিষ্যতে পূরণ করা কঠিন।” জানা গিয়েছে, আগামী কাল, মঙ্গলবার তাঁর শেষকৃত্য বৃন্দাবনেই দুপুর ২টো নাগাদ সম্পন্ন হবে।
