
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর থেকেই একের পর এক আইনি জটিলতায় জড়িয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। অতীতের বিভিন্ন কর্মকাণ্ড থেকে শুরু করে বিতর্কিত মন্তব্য, নানা অভিযোগে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। এরই মধ্যে ডিজে সংক্রান্ত মামলায় পাওয়া অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ শেষ হতেই ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক। আদালতের কাছে তাঁর আবেদন, বর্তমান রক্ষাকবচের মেয়াদ আরও বাড়ানো হোক, যাতে আইনি সুরক্ষা বজায় থাকে।
উল্লেখ্য, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের প্রচারে বেরিয়ে ডিজে বাজানো নিয়ে অভিষেকের মন্তব্য ঘিরে বিতর্কের সূত্রপাত। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হয়েছিল মামলা। তদন্তে নামে সিআইডি। এই মামলায় গ্রেপ্তারির আশঙ্কায় কআগেও কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। গত ২১ মে আদালত তাঁকে অন্তর্বর্তী রক্ষাকবচ দেয়। পাশাপাশি তদন্তে সহযোগিতা করার নির্দেশও দেওয়া হয়েছিল। ৬ নভেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দিয়েছিল কলকাতা হাই কোর্ট।
রক্ষাকবচের মেয়াদ শেষের ১০ দিন আদালতে মেয়াদ বাড়ানোর আবেদন করেন অভিষেকের আইনজীবী। ১৬ নভেম্বর অর্থাৎ সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী সব্যসাচী বন্দ্যোপাধ্যায় বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন। মামলার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, “ইতিমধ্যে রক্ষাকবচের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। আগেই কেন আদালতকে ওয়াকিবহাল করানো হয়নি?” আইনজীবী জানান, একাধিক মামলার চাপে তাঁরা এই মামলার দিকে নজর রাখতে পারেননি। ব্যাপারটা অনিচ্ছাকৃতই হয়েছে। তাতে ক্ষুব্ধ বিচারপতি বলেন, “তাহলে ডিসেম্বর মাসে বা আগামী বছর জানুয়ারি মাসে এই মামলার শুনানি করা হবে।” কিন্তু আইনজীবীর অনেক অনুরোধের পর বিচারপতি আগামী শুক্রবার এই মামলার শুনানি করতে রাজি হন। সুতরাং আগামী শুক্রবার শুনানিতে জানা যাবে, আদৌ ডিজে অভিষেককে রক্ষাকবচ দেয় কি না আদালত।
