Ramayana: সাই পল্লবীর মুখে সীতার সংলাপ, কিন্তু কণ্ঠ কার? ফাঁস করলেন ডাবিং শিল্পী

Ramayana: Rise of a Legend
Ramayana: Rise of a Legend

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পর্দায় সীতার চরিত্রে সাই পল্লবীর অভিনয় ইতিমধ্যেই মন জয় করেছে দর্শকদের। তাঁর মুখের অভিব্যক্তি থেকে শুরু করে আবেগের প্রকাশ, সবেতেই মুগ্ধ অনুরাগীরা। তবে ছবিতে সীতার মুখে যে মিষ্টি কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন দর্শক, তা কিন্তু সাই পল্লবীর নিজের নয়। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘রামায়ণ: রাইজ অফ আ লেজেন্ড’ ছবিতে সীতার চরিত্রের জন্য কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় ডাবিং শিল্পী অমি ত্রিবেদী। এই বিশেষ কাজের সঙ্গে যুক্ত হতে পেরে কতটা আবেগাপ্লুত তিনি? সম্প্রতি নিজের সেই অভিজ্ঞতার কথাই ভাগ করে নিয়েছেন অমি। 

মাত্র ১৭ বছর বয়সে ডাবিংয়ের জগতে পা রাখেন অমি। হ্যারি পটার থেকে শুরু করে সুপারম্যানের লোয়েস লেন কিংবা ‘৩০০’ ছবির আর্টেমিসিয়ার মতো জনপ্রিয় হলিউড চরিত্রে তিনি গলা দিয়েছেন। কিন্তু রামায়ণের সীতা! এ তো আর যে সে চরিত্র নয়। একেবারে ঐতিহাসিক এবং আইকনিক। অমি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই বছর তাঁর করা সবচেয়ে রোমাঞ্চকর কাজ হল এটাই। এই কাজের মধ্যে যেমন একটা ভয় লুকিয়ে ছিল, তেমনই ছিল দারুণ উত্তেজনা। গোটা বিশ্ব এই ছবিটার জন্য অপেক্ষা করে ছিল। তাই এত বড় মাপের একটা প্রজেক্টের সঙ্গে যুক্ত হতে পেরে তিনি নিজেকে সত্যিই ভাগ্যবতী মনে করছেন। অন্য কোনও অভিনেতার অভিনয়ের সঙ্গে নিজের গলা নিখুঁতভাবে মেলানো খুব কঠিন একটা কাজ। দর্শক যেন পর্দায় দেখে ঘুণাক্ষরেও বুঝতে না পারে যে এটা ডাবিং করা গলা! তবে অমির মতে, সীতার চরিত্রে ডাবিং করা তাঁর কেরিয়ারের অন্যতম সহজ ও মসৃণ কাজ ছিল। এর পুরো কৃতিত্বই তিনি দিয়েছেন সাই পল্লবীকে। সাইয়ের মুখের অভিব্যক্তি ও আবেগের নিখুঁত বহিঃপ্রকাশ এতই সুন্দর ছিল যে, অমির কাজটা জলের মতো সোজা হয়ে গিয়েছিল। এর পাশাপাশি পরিচালক নীতেশ তিওয়ারির চমৎকার নির্দেশনা তাঁকে প্রতি মুহূর্তে দারুণভাবে সাহায্য করেছে। 


ডাবিং স্টুডিওতে ঢোকার আগে অমি ঠিক কী করেন জানেন?

তিনি প্রথমে একজন সাধারণ দর্শকের মতো পুরো দৃশ্যটা মন দিয়ে দেখেন। দৃশ্যের আসল আবেগটা বোঝার চেষ্টা করেন। আর ভারতীয় পুরাণের কোনও চরিত্রে ডাবিং করার একটা আলাদা অনুভূতি আছে। অমির কথায়, ভারতীয় পৌরাণিক চরিত্রের মধ্যে একটা অদ্ভুত চেনা গন্ধ থাকে। মনে হয় যেন নিজের চেনা মাঠেই খেলছেন। সদ্য সিনেমা হলে এসেছে রামায়ণ। রণবীর কাপুর, যশের পাশাপাশি সাই পল্লবীর অভিনয়ও দারুণ প্রশংসা পাচ্ছে। আর সেই প্রশংসার একটা বড় ভাগীদার যে অমি ত্রিবেদীও, তা আর বলার অপেক্ষা রাখে না!


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…