CM Suvendu Adhikari: বুড়িমার পুজোর উদ্বোধনে কৃষ্ণনগরে মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে বরণে পুষ্পবৃষ্টির আয়োজন!

CM Suvendu Adhikari in Krishnanagar for the inauguration of the Burima Puja
CM Suvendu Adhikari in Krishnanagar for the inauguration of the Burima Puja

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  জগদ্ধাত্রীপুজোকে কেন্দ্র করে উৎসবের সাজে সেজে উঠেছে নদিয়ার কৃষ্ণনগর। চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমার প্রতিমা দর্শনে প্রতি বছরই ভিড় জমান অসংখ্য ভক্ত ও দর্শনার্থী। এবার সেই বুড়িমার পুজোর উদ্বোধন করতে আগামীকাল, মঙ্গলবার কৃষ্ণনগরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে চাষাপাড়ার ঐতিহ্যবাহী বুড়িমা-সহ মোট চারটি পুজোর। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাষাপাড়ায় জোর প্রস্তুতি শুরু হয়েছে। গোটা এলাকা মুড়ে ফেলা হচ্ছে কড়া নিরাপত্তার চাদরে। পাশাপাশি মুখ্যমন্ত্রীকে বরণ করে নিতে থাকছে বিশেষ আয়োজন। তাঁকে পুষ্পবৃষ্টির মাধ্যমে স্বাগত জানানো হবে বলেও জানা গিয়েছে। 

বুড়িমার চক্ষুদান আগেই সম্পন্ন হয়েছে। এদিন সকাল থেকেই প্রতিমার সাজসজ্জার কাজ চলছে। কৃষ্ণনগরে অষ্টমী থেকে জগদ্ধাত্রী পুজো শুরু হয়। আজ, সোমবার থেকেই মানুষজন মণ্ডপ ও প্রতিমা দেখতে ভিড় করছেন। আগামী কাল, মহাঅষ্টমী তিথিতে দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী চাষাপাড়ায় যাবেন বলে খবর। সেজন্য একাধিক রাস্তায় নিরাপত্তা আঁটসাঁট করা হয়েছে। মন্দিরে প্রবেশের মূল রাস্তা, অর্থাৎ কারমাইকেল স্কুলের সামনে দিয়ে রামজে রোডের প্রবেশপথ নির্দিষ্ট সময়ের জন্য নিয়ন্ত্রিত থাকবে। বুড়িমা মন্দির সংলগ্ন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি কালীচরণ লাহিড়ী লেন এবং দীপু ব্যানার্জি লেনেও গার্ডরেল বসিয়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হবে। মূলত মুখ্যমন্ত্রীর নিরাপত্তা এবং মন্দির চত্বরে ভিড় নিয়ন্ত্রণের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা।

পুজো উদ্যোক্তাদের দাবি, স্বাধীনতার পর এই প্রথম কোনও মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় উপস্থিত হয়ে ঘূর্ণির বুড়িমাকে দর্শন করতে আসছেন। শুভেন্দু অধিকারীকে স্বাগত জানাতে বাঙালির নিজস্ব ঐতিহ্যের ছোঁয়া রাখা হয়েছে। বাংলার ঐতিহ্যবাহী ঢাক বাজবে তাঁর আগমনে। এলাকার মহিলারা লাল পাড় সাদা শাড়িতে উপস্থিত থাকবেন। মন্দিরে ঢোকার রাস্তায় মুখ্যমন্ত্রীকে পুষ্পবৃষ্টিতে স্বাগত জানানো হবে। গোটা সময়কে স্মরণীয় করে রাখতে চান পুজো উদ্যোক্তারা। দুপুর দেড়টা নাগাদ মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছবেন। প্রথমে মন্দিরে প্রবেশ করে বুড়িমাকে প্রণাম করবেন তিনি। এরপর মণ্ডপের পাশের নির্দিষ্ট মঞ্চে গিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার কথা রয়েছে তাঁর। ঘূর্ণি চাষাপাড়া ঘূর্ণি পুজো কমিটির সম্পাদক অর্ণব গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর আগমন উপলক্ষে তাঁদের তরফে যাবতীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

মুখ্যমন্ত্রীর আগমনের সময় বুড়িমা দর্শনে আসা সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে বিশেষ নিয়ন্ত্রণ থাকবে। ওই চত্বর গার্ডরেল দিয়ে ঘেরা থাকবে। সাধারণ ভক্ত ও দর্শনার্থীদের গার্ডরেলের পিছনে নির্দিষ্ট জায়গায় থাকতে হবে। মুখ্যমন্ত্রী মন্দিরে পৌঁছনোর পর নিরাপত্তার কারণে মন্দিরের ভিতরে পাঁচজনের বেশি কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…