Abhishek Banerjee | বিচারপতিদের নিয়ে মন্তব্যের জের, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শোকজ আদালতের

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আদালত ও বিচারপতিদের নিয়ে সোশাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যের অভিযোগে আইনি চাপে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত অবমাননার অভিযোগে তাঁকে শোকজ করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চের নির্দেশ, আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে হবে অভিষেককে। ৮ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপের সম্ভাবনা রয়েছে।

গত ৭ নভেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি পোস্ট নিয়ে গন্ডগোলের সূত্রপাত। সেসময় তাঁর কালীঘাটের বাড়ির সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের আনাগোনা, বাড়ি লক্ষ্য করে ছোটখাটো হামলার ঘটনা ঘটে। এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক নিজের নিরাপত্তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেইসঙ্গে কলকাতা হাই কোর্ট ও সুপ্রিম কোর্টকে ‘নীরব দর্শক’ বলেও কটাক্ষ করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। তাঁর পোস্টের এই অংশ নিয়েই আপত্তি উচ্চ আদালতের। অভিষেকের ওই পোস্টে আদালত অবমাননা হয়েছে বলে মনে করছেন হাই কোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। তিনি মনে করেন, সাংসদের এহেন মন্তব্য ফৌজদারি অপরাধের শামিল। কেন তাঁর বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারি হবে না? এই প্রশ্ন তুলে অভিষেককে শোকজ করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তাঁকে জবাব দিতে হবে।

অভিষেককে শোকজের যুক্তি হিসেবে বিচারপতি রাওয়ের আরও পর্যবেক্ষণ, সাংসদ নিজে হাই কোর্টে একাধিক বিষয়ে মামলাকারী ও বিচারপ্রার্থী। তাঁর উচিত, এব্যাপারে অনেক দায়িত্বশীল হওয়া। তার পরিবর্তে তিনি বিচারব্যবস্থা ও বিচারপতিদের নিরপেক্ষতা নিয়ে যা মন্তব্য করেছেন, তা সম্পূর্ণ ফৌজদারি অপরাধের সমতুল্য। একজন জনপ্রতিনিধির কাছে তা মোটেই কাম্য নয়। আগামী ১৫ দিনের মধ্যে তাঁকে  হাই কোর্টের শোকজ নোটিসের জবাব দিতে হবে। পরবর্তী শুনানি ৮ ডিসেম্বর।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…