
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বঙ্গোপসাগরে ফের শক্তি বাড়াচ্ছে গভীর নিম্নচাপ। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় ১৭ কিলোমিটার গতিবেগে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগিয়েছে সেটি। আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, নিম্নচাপটি বর্তমানে শ্রীলঙ্কার ত্রিনকোমালি থেকে প্রায় ৬২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থান করছে। এর প্রভাবে বাংলার আবহাওয়াতেও বদলের আশঙ্কা তৈরি হয়েছে।আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, গভীর নিম্নচাপটি ক্রমশ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হবে। এরপর ১৭ নভেম্বর সন্ধ্যার মধ্যে মধ্য-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২০ নভেম্বর দুপুর নাগাদ অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে নেল্লোর ও তুনির মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। সেই সময় ঘূর্ণিঝড়টি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে। ঝড়ের সর্বোচ্চ স্থায়ী গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০-১৩০ কিলোমিটার। দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।নিম্নচাপের এই প্রভাব সরাসরি বাংলার উপরে তেমন নেই। তবে আজ থেকেই সারা সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত হতে পারে। কোন কোন জেলায় কবে কবে বৃষ্টি হবে? জেনে নেওয়া যাক।
মঙ্গলবার সকাল থেকেই বেশ ঠান্ডার আমেজ শহরে। সঙ্গে মিঠে রোদও রয়েছে। এই পরিস্থিতিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত কলকাতার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে।ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ায় বড় পরিবর্তনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এই পরিস্থিতিতে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারের কয়েকটি এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির দু-একটি জায়গায় বৃষ্টি হতে পারে। তার পর থেকে উত্তরবঙ্গের সমস্ত জেলায় মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা।
