
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুমে রাজনৈতিক আন্দোলনের ঝাঁজ কিছুটা কমলেও ভোটচুরির অভিযোগে এখনও অনড় বিরোধী জোট। এবার সুপ্রিম কোর্টে বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর সংক্রান্ত মামলার শুনানিতে বড় দাবি জানাল ইন্ডিয়া জোট। বিরোধীদের আর্জি, শীর্ষ আদালতের এজলাসে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে জিজ্ঞাসাবাদের সুযোগ দেওয়া হোক। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নিয়ম, ফর্ম ৬-এর ব্যবহার এবং সংশোধন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে মোট ৪৮টি প্রশ্ন সুপ্রিম কোর্টে জমা দিয়েছেন ইন্ডিয়া জোটের আইনজীবীরা। এবার সেই প্রশ্নগুলির ভিত্তিতে নির্বাচন কমিশনের অবস্থান জানতে চায় বিরোধী শিবির।
সোমবার সুপ্রিম কোর্টে দাখিল করা বিরোধীদের আবেদনে অভিযোগ করা হয়, ভোটচুরি তথা এসআইআরে অনিয়ম সংক্রান্ত অভিযোগের জবাবে কমিশন বারবার পালটা দাবি করছে। আদালতের সামনে প্রাসঙ্গিক তথ্য বা সমর্থনযোগ্য নথিপত্র তুলে ধরছে না। এই অবস্থায় সুপ্রিম অনুমোদনে আদালতে দাঁড়িয়ে সরাসরি মুখ্য নির্বাচন কমিশনারের জবাব চাইছে তারা। সেই পরিপ্রেক্ষিতেই প্রশ্নপত্র তৈরি করা হয়েছে। বিরোধীদের আবেদনে যুক্তি দেওয়া হয়েছে, এসআইআর প্রক্রিয়ার বিভিন্ন দিক সম্পর্কে সরকারি নথিপত্র-সমর্থিত বিস্তারিত উত্তর পাওয়ার জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। আরও বলা হয়েছে, যে তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে তা কেবল নির্বাচন কমিশনের কাছেই রয়েছে। এই প্রশ্নগুলির উদ্দেশ্য হল নির্বাচন কমিশনের দাবিগুলির যথার্থতা যাচাই করা। ‘ইন্ডিয়া’ জোটের আবেদনকারীরা সুপ্রিম কোর্টে ৪৮টি প্রশ্ন জমা দিয়েছেন। তাঁরা মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী এবং ডেপুটি নির্বাচন কমিশনার ভানু প্রকাশ ইতুরুর কাছ থেকে এই প্রশ্নাবলীর উত্তর চান।
সুপ্রিম কোর্টে দায়ের করা বিরোধী জোটের আবেদনে বলা হয়েছে, এসআইআর প্রক্রিয়ার জন্য “কমিশন কোনও সুনির্দিষ্ট সিদ্ধান্ত নিয়েছিল কি না, কখন এবং কীভাবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কমিশনের নামে কে নির্দিষ্ট কিছু পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছিল এবং ইসিআইএনইটি-কে কীভাবে নকশা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে ও পরিচালনা করা হয়েছে। এই বিষয়গুলি জানার কোনও উপায় (আসআইআরে) আবেদনকারীদের নেই, কেবল মামলাকারীদের মাধ্যম ছাড়া।”
উল্লেখ্য, এই আবেদন কমিশন এবং এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে ‘ইন্ডিয়া’ জোটের বৃহত্তর আইনি চ্যালেঞ্জের একটি অংশ। বিরোধীদের আবেদনগুলির শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছে সুপ্রিম কোর্ট। এর আগে গত ২৭ অক্টোবর শুনানি হয়। সেদিন প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ কমিশনকে দশ দিনের মধ্যে হলফনামার জমা দিতে বলেছিল। ইতিমধ্যে যা জমা দিয়েছে কমিশন। সেখানে দাবি করা হয়েছে, এসআইআর সংক্রান্ত তিনটি প্রধান সিদ্ধান্তই সর্বসম্মতিক্রমে নেওয়া হয়েছিল।
