Abhijit Gangopadhyay | আইনি পথে দ্রুত শাস্তি দেওয়া কঠিন, এনকাউন্টার নিয়ে বড় মন্তব্য অবসরপ্রাপ্ত বিচারপতির

Abhijit Gangopadhyay
Abhijit Gangopadhyay

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পালাবদলের পর রাজ্যে একের পর এক পাঁচটি এনকাউন্টার ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের প্রশ্ন, এনকাউন্টারে কি সত্যিই অপরাধ কমবে, নাকি বিচারব্যবস্থার উপর মানুষের আস্থা কমবে? তবে এই সমালোচনায় আমল দিতে নারাজ বিজেপি সাংসদ তথা কলকাতা হাই কোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তাঁর স্পষ্ট বক্তব্য, এনকাউন্টারকে তিনি ১০০ শতাংশ সমর্থন করেন। এর পিছনে যুক্তিও দিয়েছেন তিনি।

সোমবার মহিষাদল রাজ কলেজের প্রতিষ্ঠাতা রাজা দেবপ্রসাদ গর্গের মূর্তি উন্মোচন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন অভিজিৎ। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে ‘এনকাউন্টারে’র পক্ষে সওয়াল করেন। তিনি জানান, আইনি পথে বিচারব্যবস্থার দ্বারস্থ হলে দ্রুত পদক্ষেপ গ্রহণ সম্ভব নয়। তাঁর কথায়, “পুলিশকে গুলি ছুড়লে পুলিশ তো আর রসগোল্লা ছুড়বে না! গুলিই ছুড়বে। বিচারব্যবস্থার দ্বারস্থ হলে এই মামলাগুলি শেষ পর্যন্ত কোথায় পৌঁছবে, কবে পৌঁছবে, কতদিন লাগবে কেউ জানে না। কিন্তু সাধারণ মানুষের তথা সমাজের একটা চাহিদা থাকে। মানুষ দ্রুত ব্যবস্থা চায়। বিচারব্যবস্থার প্রক্রিয়া মেনে চললে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।”

বীরভূমে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখের ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন করা হলে অভিজিৎ সাফ জানান, “এটি বিচারবহির্ভূত ইচ্ছাকৃত কোনও হত্যা নয়। তদন্তের জন্য যখন তাকে স্পটে নিয়ে যাওয়া হয় তখন সে ফের পুলিশকে আক্রমণ করে। একজন পুলিশ তো আগেই আহত হয়েছেন। পুলিশকে আক্রমণ করলে পুলিশকেও গুলি ছুড়তে হয়। এই ঘটনাতেই সে মারা যায়।” এনকাউন্টারকে সমর্থন করেন কি না সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “নিশ্চয়ই, ১০০ শতাংশ সমর্থন করি।”

রাজ্যের বিভিন্ন এলাকা থেকে বিজেপির বিরুদ্ধে উঠছে তোলাবাজির অভিযোগ। এই নিয়ে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বও সরব হচ্ছেন। এপ্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিজিৎ বলেন, “তোলাবাজি নিয়ন্ত্রণ হয়ে যাবে। সদ্য ক্ষমতায় এসেছি আমরা। একদল লোক টাকা কামাতে ঝাপিয়ে পড়েছে। প্রকৃত বিজেপি কর্মীরা এই কাজ করে না। যাঁরা ৪ তারিখের পর হঠাৎ বিজেপি হয়েছেন এগুলি তাঁদের কাজ।”

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…