Ratna Debnath | ‘বিজেপি না জিতলেই ভালো হত’! মন্তব্য ঘিরে বিতর্ক, কী ব্যাখ্যা দিলেন রত্না?

Ratna Debnath
Ratna Debnath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পানিহাটিতে বিজেপি কর্মী খু*নে*র ঘটনায় শোকস্তব্ধ পরিবারের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন বিধায়ক রত্না দেবনাথ। সেখানেই আবেগতাড়িত হয়ে তাঁর মন্তব্য, “বিজেপি না জিতলেই ভালো হত।” আর তাতেই শুরু হয় রাজনৈতিক বিতর্ক। অস্বস্তিতে পড়ে গেরুয়া শিবিরও। এবার নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে মুখ খুললেন রত্না দেবনাথ। কেন এমন কথা বলেছিলেন তিনি?

সোমবার রত্না একটি লিখিত বার্তা দেন। সেখানে তাঁর দাবি, তিনি শাসকদলের মর্যাদাহানি করতে চাননি। তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। পশ্চিম বাংলায় বিজেপির ক্ষমতায় আসা ভুল -এই মনোভাব তিনি পোষণ করেন না। পানিহাটির বিজেপি বিধায়কের আরও দাবি, তাঁর বক্তব্যের একটি অংশ প্রেক্ষাপট থেকে বিচ্ছিন্ন করে তুলে ধরাতেই ভুল বার্তা গিয়েছে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য-সহ দলের শীর্ষ নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থনও জানিয়েছেন তিনি। রত্না স্পষ্ট করেছেন, তাঁর রাজনৈতিক অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। তিনি গেরুয়া শিবিরের সঙ্গেই আছেন।

শনিবার রাতে পানিহাটি-১ নম্বর মণ্ডলের বিজেপি সম্পাদক রুমা সাহা বাড়ি ফিরছিলেন। সে সময় বাজার এলাকায় এক ব্যবসায়ীর উপর হামলা হচ্ছিল বলে অভিযোগ। প্রথমে রুমা সেই বিবাদ থামাতে চেষ্টা করেছিলেন। পরে তিনি বাড়ি গোটা ঘটনা স্বামী অরূপ সাহাকে জানান। বিবাদ মেটাতে অরূপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। অভিযোগ, সে সময় অরূপকে সজোরে বুকে ধাক্কা মারা হয়। তিনি মাটিতে পড়ে যান। এরপর রাতে বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন তিনি।তড়িঘড়ি তাঁকে সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। বিজেপি কর্মীকে মৃত ঘোষণা করা হয়। ঘটনাটি প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন রত্না।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…