
কলকাতা, ৩ মার্চ : বিজেপি-র প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা মনোনীত হলেন রাজ্যসভার বিজেপির প্রার্থী হিসেবে। মঙ্গলবার দলের তরফে প্রকাশ্যে এ কথা জানানো হয়েছে। পশ্চিমবঙ্গের একজন পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখার বরিষ্ঠ নেতা রাহুলবাবু দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে দলের সাংগঠনিক বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজ্যে বিজেপির প্রায় শুরু থেকেই তিনি সক্রিয়ভাবে দল গড়ে তোলার কাজে যুক্ত ছিলেন।
তিনি পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্বকালে রাজ্যে বিজেপির সাংগঠনিক ভিত্তি মজবুত হয় এবং বিভিন্ন আন্দোলনে দল সক্রিয় ভূমিকা নেয়। স্পষ্টভাষী ও সরব রাজনৈতিক অবস্থানের জন্য তিনি পরিচিত। সর্বভারতীয় সম্পাদক হিসেবেও তিনি নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করেছেন। পশ্চিমবঙ্গের রাজনীতিতে বলিষ্ঠ বিরোধী কণ্ঠস্বর হিসেবে তাঁর উপস্থিতি উল্লেখযোগ্য।
