
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি। এরপরই উৎসবের আনন্দে মেতে উঠবে গোটা বাংলা। তার আগেই মহাকরণে ফিরতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, খুব শীঘ্রই সেখান থেকেই ফের দপ্তরের কাজ শুরু করতে পারেন তিনি। পূর্ত দপ্তর সূত্রে জানা গিয়েছে, আগামী ১০ অক্টোবর, অর্থাৎ দেবীপক্ষ শুরুর আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী-সহ ছয় মন্ত্রীর ঘরের সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সচিবালয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব, ডিজি-সহ কয়েকজন গুরুত্বপূর্ণ আমলার জন্যও নতুন করে দপ্তর তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে বলে জানা গিয়েছে। ফলে দেবীপক্ষের আগেই মহাকরণে প্রশাসনিক কাজকর্ম পুরোদমে শুরু করার প্রস্তুতি চলছে।
জানা গিয়েছে, মহাকরণের কাজ বর্তমানে কোন পর্যায়ে রয়েছে, তা নিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন পূর্তমন্ত্রী অজয় পোদ্দার। ওই বৈঠকেই আধিকারিকদের দ্রুত সংস্কারের কাজ শেষ করতে হবে বলে তিনি নির্দেশ দেন বলে খবর। শুধু তাই নয়, আগামী ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার আগেই মুখ্যমন্ত্রীর দপ্তর-সহ ছয় মন্ত্রীর ঘর সংস্কারের কাজ শেষ করা যাতে সম্ভব হয় তাও জানানো হয় বলে খবর। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ছাড়াও দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, শংকর ঘোষ, শারদ্বত মুখোপাধ্যায় এবং অজয় পোদ্দার, অর্থাৎ এই ছয় মন্ত্রী মহাকরণে বসবেন। ফলত তাঁদের ঘর দ্রুত শেষ করার কথা বলা হয়েছে। শুধু তাই নয়, আগামিদিনে কীভাবে সংস্কার তা নিয়েও মন্ত্রী চর্চা করেছেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যে মহাকরণ সংস্কারের দায়িত্ব আদানি গ্রুপকে দেওয়া হতে পারে বলে জল্পনা ছড়িয়েছে।
বলে রাখা প্রয়োজন, ২০১৩ সালে মহাকরণ থেকে প্রশাসনিক দপ্তর সরিয়ে নবান্নে নিয়ে যান তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ ব্রিটিশ আমলে তৈরি হওয়া এই ভবনের সংস্কারের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছিল। সেই মতো সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু অভিযোগ, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সংস্কারের কাজ নাকি ৫০ শতাংশও শেষ হয়নি। এহেন পরিস্থিতিতে বাংলার মসনদে বদল এসেছে। বাংলার মসনদে এখন বিজেপির সরকার। রাজ্যে পালাবদলের পরেই বিজেপির তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নবান্ন থেকে নয়, রাইটার্স থেকেই সরকার পরিচালিত হবে। কিন্তু সংস্কারের কাজ শেষ না হওয়ায় বর্তমানে নবান্নতেই বসছেন মুখ্যমন্ত্রী-সহ রাজ্যের অন্যান্য মন্ত্রীরা। সেখান থেকে বসেই পরিচালিত হচ্ছে সরকার। কিন্তু এবার আর নয়! আর তাই মহালয়ার আগেই মহাকরণে মুখ্যমন্ত্রী ফিরতে চান বলে খবর।
