kolkata

45 minutes ago

RG Kar Case: ‘২ বছর চারমাস পেরিয়ে গেল, কিছুই হল না’, আর জি কর কাণ্ডে ফের সরব অভয়ার মা

BJP MLA Ratna Debnath
BJP MLA Ratna Debnath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  অভয়া কাণ্ডের পর কেটে গিয়েছে দুই বছরেরও বেশি সময়। ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। তবে সেই রায়ে সন্তুষ্ট নয় অভয়ার পরিবার। মেয়ের ন্যায়বিচারের দাবিতে রাজনীতির ময়দানে পা রেখেছেন অভয়ার মা রত্না দেবনাথ। কিন্তু তদন্তের অগ্রগতি নিয়েও এখনও তাঁর ক্ষোভ রয়েছে। সদ্য জমা পড়া চার্জশিট নিয়েও কার্যত হতাশ তিনি। পানিহাটির বিধায়কের কথায়, “এই চার্জশিটে কিছুই নেই। এটা ২ বছর ধরে দেখছি।” তবে তদন্ত কমিটির উপর এখনও তাঁর আস্থা রয়েছে বলেই জানিয়েছেন রত্না দেবনাথ। ফলে অভয়া কাণ্ডের তদন্তে আরও কী তথ্য সামনে আসে, সেদিকেই এখন নজর পরিবারের। 

২০২৪ সালের ৯ আগস্ট। আর জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল বাংলা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই সিভিক ভলান্টিয়র সঞ্জয় রাইকে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। যদিও পরিবারের দাবি ছিল, ঘটনার নেপথ্যে রয়েছে বড় মাথা। তাঁদের যুক্তি, যে নৃশংসতা অভয়ার সঙ্গে হয়েছে তা সঞ্জয়ের একার পক্ষে অসম্ভব। পরবর্তীতে পরিবারের আর্জিতে সম্মতি দিয়ে তদন্তভার সিবিআইয়ের হাতে দেয় আদালত। কিন্তু তাতেও নতুন করে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। আর কাউকে গ্রেপ্তারও করেনি। এই পরিস্থিতিতে চলতি বছরের শুরুতে বিজেপিতে যোগ দেন অভয়ার মা। সেই সময় তিনি বলেছিলেন, “মেয়ের সুবিচারের জন্যই রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত।” যা নিয়ে তুমুল বিতর্কও হয়েছিল। বর্তমানে পানিহাটির বিধায়ক অভয়ার মা। 

মঙ্গলবার শিয়ালদহ আদালতে আর জি কর কাণ্ডে ১৩ তম স্ট্যাটাস রিপোর্ট জমা করে সিবিআই।  কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানান, বিভিন্ন নথি, সিসিটিভি, মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। যে শ্মশানে নির্যাতিতাকে দাহ করা হয়েছে, সেখানে গিয়ে তদন্ত করছে সিবিআইয়ের সিট। মনে করা হচ্ছে, সেখান থেকে যে তথ্য তাঁরা পেয়েছেন সেই বিষয়টি রয়েছে স্ট্যাটাস রিপোর্টে। সিবিআইয়ের আইনজীবী আরও জানান, পরিবারের সদস্যরা যে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন, সেই দিকগুলি খতিয়ে দেখা হয়েছে। কিছু বিষয়ে এখনও তদন্ত বাকি। তবে এই রিপোর্টে একেবারেই খুশি নন অভয়ার মা। এদিন তিনি বলেন, “এই চার্জশিট দুই বছর ধরে দেখছি। এই চার্জশিটে কিছুই নেই। কিছুই হল না। হাই কোর্ট কী চার্জশিট জমা পরল তা দেখান না বিচারপতিরা। কিন্তু বিচারপতিরাও এই চার্জশিটে সন্তুষ্ট নন।” পাশাপাশি তিনি বললেন, “নতুন করে একটি তদন্ত কমিটি গঠন হয়েছে স্বাস্থ্যদপ্তর থেকে। দেখা যাক কী হয়।”   

You might also like!