
মণ্ডলা, ২৬ সেপ্টেম্বর : মধ্যপ্রদেশের মণ্ডলা জেলায় শনিবার সকালে গণেশ বিসর্জনের পর প্যান্ডেলে ঘুমন্ত যুবকদের ওপর ছেঁড়া বিদ্যুতের তার পড়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই চার যুবকের মৃত্যু হয়েছে এবং অন্য তিন যুবক আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় এক যুবককে জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে জেলার নৈনপুর থানার অন্তর্গত হীরাপুর গ্রামে। জানা গেছে, শুক্রবার রাতে বিসর্জন সেরে এসে হীরাপুরের খিরকা মহল্লার গণেশ প্যান্ডেলে সাজসজ্জা ও জিনিসপত্র পাহারা দেওয়ার জন্য প্রায় ৭-৮ জন যুবক ঘুমিয়ে ছিলেন। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ হঠাৎ একটি বিদ্যুতের তার ছিঁড়ে প্যান্ডেলের ওপর পড়ে এবং পুরো প্যান্ডেলে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঘুমের মধ্যেই তার কবলে পড়েন যুবকরা। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিহত চার যুবকের নাম— জৈনু ভাঁওরে (১৯), রবি ঝাড়িয়া (২৪), কৃষ্ণ কুমার ভাঁওরে (১৮) এবং বীরেন্দ্র ভাঁওরে (২৪)। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনায় গুরুতর আহত প্রিয়াংশু নামের এক যুবককে জেলা হাসপাতালে রেফার করা হয়েছে, অন্যদিকে বাকি দুই আহত যুবক নৈনপুর হাসপাতালেই চিকিৎসাধীন।
নৈনপুরের এসডিওপি মণীশ রাজ জানান, হীরাপুর গ্রামের খিরকা মহল্লায় গণেশ প্রতিমা স্থাপন করা হয়েছিল। পুজো কমিটির সদস্যরা ভোর চারটে নাগাদ বিসর্জন সম্পন্ন করে ফেরেন। এরপরই জিনিসপত্র পাহারা দিতে ৮ জন যুবক প্যান্ডেলে ঘুমাতে যান। তার ছেঁড়ার কারণে না কি শর্ট সার্কিটের ফলে প্যান্ডেলে বিদ্যুৎ ছড়িয়েছিল, তা খতিয়ে দেখতে বিদ্যুৎ দপ্তরের টিম তদন্ত শুরু করেছে।
