
নয়াদিল্লি, ২৬ সেপ্টেম্বর : দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর জন্মজয়ন্তীতে বিনম্র শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে সহ একাধিক শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। শনিবার প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্মতিথিতে দেশের অগ্রগতিতে তাঁর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন তাঁরা।
সামাজিক মাধ্যম 'এক্স'-এ দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, "আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জি-কে তাঁর জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানাই। তিনি জনজীবনে দীর্ঘ সময় অতিবাহিত করেছেন এবং পূর্ণ নিষ্ঠার সাথে দেশের সেবা করেছেন।"
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা প্রাক্তন প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলেন, "দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং জি-র জন্মজয়ন্তীতে বিনম্র প্রণাম। তাঁর দীর্ঘ জনজীবন এবং নেতৃত্বের ভূমিকা সর্বদা স্মরণীয় হয়ে থাকবে।" প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক বার্তায় জানান, জনজীবন এবং ভারতের অগ্রগতিতে ড. মনমোহন সিং-এর অপরিসীম অবদান সর্বদা স্মরণে থাকবে।
কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী প্রাক্তন প্রধানমন্ত্রীর অর্থনীতি ও সামাজিক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে বলেন, এক দক্ষ অর্থনীতিবিদ এবং সফল রাজনেতা হিসেবে ড. মনমোহন সিং ভারতের বিকাশকে এক অসাধারণ গতি দিয়েছিলেন এবং দেশের সমৃদ্ধিকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। তাঁর দূরদর্শী এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির মাধ্যমে তিনি সমাজের প্রতিটি স্তরকে সমৃদ্ধ করেছেন। দেশের সার্বিক উন্নয়নে তাঁর এই অভূতপূর্ব অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে বলেন, ড. মনমোহন সিং-এর বিনম্রতা, সততা এবং প্রজ্ঞা ছিল তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের মূল পরিচয়। তিনি অত্যন্ত শালীনতা ও মানবিক সংবেদনশীলতার সাথে দেশকে নেতৃত্ব দিয়েছেন এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন ও সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া শ্রেণীর কল্যাণকে শাসনের কেন্দ্রে রেখেছিলেন। তাঁর নিষ্কলঙ্ক জনসেবা, সামাজিক উন্নয়ন এবং যুগান্তকারী সংস্কারের ঐতিহ্য আগামী প্রজন্মকে নিরন্তর অনুপ্রাণিত করে যাবে।
Tributes to our former Prime Minister Dr. Manmohan Singh Ji on his birth anniversary. He spent many years in public life and served the nation with dedication.
— Narendra Modi (@narendramodi) September 26, 2026
