
নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'অর্ণব' ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকায় তাণ্ডব চালানোর পর দুর্বল হয়ে পড়েছে। ঘূর্ণিঝড়টি রাত ১১টা থেকে ১টার মধ্যে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশার উপকূলে আছড়ে পড়ে। এর প্রভাবে উভয় রাজ্যেই ভারী বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বয়ে যায়। শুক্রবার দেশের ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড় অর্ণবের জেরে প্রভাবিত হয়েছে জনজীবন। দক্ষিণ ওড়িশার ১০টি জেলায় স্কুল বন্ধ রাখা হয়েছে। প্রায় পাঁচ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, মালকানগিরিতে চারটি সেতু জলে ডুবে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা স্তব্ধ হয়ে পড়েছে। নিরাপত্তার কারণে জাতীয় সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। ভদ্রক জেলায় ঝোড়ো হাওয়ার কারণে মৎস্যজীবীদের ১০টি নৌকা ডুবে যায় এবং বেশ কয়েকটি ক্ষতিগ্রস্ত হয়। চিলকা হ্রদ এলাকাতেও বেশ কিছু নৌকা ভেঙে ডুবে গেছে। ভারতের আবহাওয়া দফতর নবরঙ্গপুর জেলার জন্য 'রেড অ্যালার্ট' জারি করেছে। সেখানে ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বারগড়, নুয়াপাড়া, বালেঙ্গির, কালাহান্ডি, কোরাপুট এবং মালকানগিরির জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলাম জেলায় ঘণ্টায় ৭৫ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া বয়ে গেছে। বিজয়ওয়াড়ার নিচু এলাকাগুলো প্লাবিত হয়েছে এবং বেশ কয়েকটি স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পশ্চিমবঙ্গ, দার্জিলিং এবং কালিম্পং-এর কিছু অংশেও ভারী বৃষ্টি ও ঝড়ের সতর্কতা জারি রয়েছে।
ভারতীয় আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের ২২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বৃষ্টি হতে পারে। ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিম, উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।দিল্লি-এনসিআর এবং কর্ণাটকেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলি, আন্দামান-নিকোবর এবং কেরলমেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব উত্তরপ্রদেশ এবং বিহারে বজ্রবিদ্যুৎ-সহ ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়েও অতি ভারী বৃষ্টি হতে পারে। দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকবে এবং হালকা বৃষ্টি হতে পারে।
