
কলকাতা, ৩ মার্চ : লরেটো কলেজ তাদের পরিবেশবান্ধব উদ্যোগের পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল| উদ্বোধন হলো সোলার পাওয়ার প্যানেল। সোমবার কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কমিউনিটির সুপিরিয়র সিস্টার অ্যাগনেস। উপস্থিত ছিলেন সিস্টার-ইন-চার্জ সিস্টার এ. নির্মলা, আইকিউএসি সমন্বয়কারী, অধ্যাপক এবং স্নাতক, স্নাতকোত্তর ও বি.এড বিভাগের শিক্ষার্থীরা। এই প্রকল্প কলেজকে শক্তি-সাশ্রয়ী ও পরিবেশ-সচেতন প্রতিষ্ঠান হিসেবে পরিণত করার এক বড় পদক্ষেপ বলে মনে করছে কলেজ কর্তৃপক্ষ। পূর্বে স্থাপিত ৪০ কিলোওয়াট সৌরবিদ্যুতের প্ল্যান্টের সঙ্গে নতুন করে ৫৫ কিলোওয়াট সংযোজন হলো। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, এই উন্নত সৌরবিদ্যুতের প্ল্যান্ট থেকে বছরে প্রায় ১ লক্ষ ৩৩ হাজার ইউনিট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। এর ফলে কলেজের মোট বিদ্যুৎ চাহিদার প্রায় ৯৫ শতাংশ পূরণ হবে এবং বিদ্যুৎ বিল প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। পরিবেশগত দিক থেকেও এই প্রকল্প অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বছরে প্রায় ১০৯ মেট্রিক টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন হ্রাস পাবে। সিস্টার এ. নির্মলা জানান, কলেজের অধিকাংশ বিদ্যুৎ প্রয়োজন এখন সৌরশক্তির মাধ্যমে পূরণ করা সম্ভব হবে। তিনি আরও জানান, মে মাস থেকে অতিরিক্ত সোলার প্যানেল সংযোজনের মাধ্যমে কলেজের চতুর্থ তলা সম্পূর্ণভাবে শীতাতপ নিয়ন্ত্রিত করার পরিকল্পনা রয়েছে।
