
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়ি দখলের অভিযোগে বুধবার সল্টলেক এলাকা থেকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার-কে আটক করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। অভিযোগ, দীর্ঘ ১২ বছর ধরে তিনি একটি বাড়ি দখল করে রেখেছিলেন এবং ভাড়া চাইতে গেলে মালিককে হুমকি দেওয়া হত। ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর বিক্ষোভের পর পুলিশ তাঁকে আটক করে।
২০১৪ সালে সল্টলেকের ৩৩৭ নম্বর বাড়ি ভাড়া নেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। অভিযোগ, নামমাত্র ভাড়ায় দীর্ঘদিন সেখানে থাকার পর বাড়ি ছাড়তে রাজি হননি তিনি এবং মালিককে হুমকি দিতেন।বুধবার ফ্ল্যাট খালি করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চরমে ওঠে। স্থানীয়রা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান, গাড়ির চাবিও কেড়ে নেওয়া হয় এবং ‘চোর চোর’ স্লোগান ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ এসে জয়প্রকাশ মজুমদারকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গিয়েছে, ওই বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। বর্তমানে বাড়ির মালিক তাঁর স্ত্রী। কয়েকদিন আগে স্থানীয়দের নিয়ে নিজের বাড়ি পুনরুদ্ধার করতে গিয়েছিলেন ওই মহিলা। বচসা চলাকালীন জয়প্রকাশ মজুমদারের স্ত্রীকে চড় মারেন তিনি। সেই চড়ের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এবার এই ঘটনায় জয়প্রকাশ মজুমদারকে ঘিরে ধরে বিক্ষোভ ও চোর চোর স্লোগান দিলেন স্থানীয়রা। তাঁর বিরুদ্ধে বাড়ি দখল, হুমকি, হয়রানির অভিযোগ তুলেছেন বাড়ির মালিক।
