kolkata

1 hour ago

Rain Alert: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির শঙ্কা, উপকূলে বাড়ছে ঝড়ের দাপট

Rain Alert
Rain Alert

 

রবিবার কলকাতায় ভারী বৃষ্টির জোরালো পূর্বাভাস না থাকলেও সকাল থেকেই আকাশের মুখ ভার। ভোর থেকেই শহর ও সংলগ্ন দুই ২৪ পরগনায় মেঘলা আবহাওয়া। কলকাতার আকাশে সকাল ৬টা থেকেই ঘন মেঘের আনাগোনা, ফলে বেলা বাড়ার আগেই কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতায় এক-দু’দফা বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে বজ্রবিদ্যুৎ ও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

IMD-র পূর্বাভাস বলছে, ১৯ সেপ্টেম্বর রাত থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় কলকাতায় আকাশ সাধারণত মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।গত ২৪ ঘণ্টায় কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ০.৫ ডিগ্রি বেশি। গতকাল, আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭ শতাংশ এবং সর্বনিম্ন ৬৮ শতাংশ।

দক্ষিণবঙ্গে আজ বৃষ্টির পূর্বাভাস

রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সকাল থেকেই নদিয়া, দুই ২৪ পরগনা জেলার এক-দু’টি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া বইতে পারে। একাধিক জেলায় ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গের  আজ বৃষ্টির পূর্বাভাস

অন্যদিকে, আজ উত্তরবঙ্গের সব জেলাতেই দু’-একটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। 

উপকূলে মৎস্যজীবীদের জন্য জারি সতর্কতা

২০ সেপ্টেম্বর উপকূলে মৎস্যজীবীদের জন্য কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে ২১ সেপ্টেম্বর থেকে রয়েছে অ্যালার্ট। IMD-র পূর্বাভাস বলছে, ২১ সেপ্টেম্বর মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা দমকা হাওয়ার সময় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২২ থেকে ২৪ সেপ্টেম্বর মধ্য বঙ্গোপসাগরে ঘণ্টায় ৪৫-৫৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার পর্যন্ত।

২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ, উত্তর ওড়িশা ও বাংলাদেশ উপকূলবর্তী সমুদ্র এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, দমকা হাওয়ার বেগ ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। ২১ সেপ্টেম্বর মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে। ২২ থেকে ২৫ সেপ্টেম্বর উত্তর ও মধ্য বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থেকে অতি উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে।

You might also like!