kolkata

1 hour ago

CM Suvendu Adhikari: লোকভবনে শুভেন্দুর সৌজন্য সাক্ষাৎ, রাজ্যপাল আর এন রবির সঙ্গে বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা

CM Suvendu Adhikari meets Governor RN Ravi
CM Suvendu Adhikari meets Governor RN Ravi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম লোকভবনে গিয়ে রাজ্যপাল  আর এন রবি-র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন শুভেন্দু অধিকারী। বুধবার দুপুরে তিনি লোকভবনে পৌঁছলে রাজ্যপাল তাঁকে পুষ্পস্তবক দিয়ে স্বাগত জানান। এরপর দু’জনের মধ্যে কুশল বিনিময় ও কিছুক্ষণ কথাবার্তা হয় বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত ৮ মে মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার দিনই শুভেন্দু অধিকারী লোকভবনে গিয়ে সরকার গঠনের দাবিপত্র জমা দিয়েছিলেন। তার পর এদিনই প্রথমবার রাজ্যপালের সঙ্গে আনুষ্ঠানিক সাক্ষাৎ করলেন তিনি।

বুধবার দুপুর ১২টার কিছু আগে শুভেন্দু অধিকারীর গাড়ি পৌঁছয় লোকভবনে (আগেকার রাজভবন)। তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান রাজ্যপাল আর এন রবি। এরপর দু’জনের একান্তে কিছুক্ষণ কথা হয়। ইতিমধ্যে নতুন সরকার জনকল্যাণমূলক কাজ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে। একাধিক প্রকল্পের কাজ শুরু হয়েছে। আগামী মাসে রাজ্য সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। রীতি মেনে তার সূচনা করার কথা রাজ্যপালেরই। এছাড়া মন্ত্রিসভা সম্প্রসারণের পর নতুন মন্ত্রীদের রাজভবনে শপথ নেওয়ার বিষয়টিও রয়েছে। মনে করা হচ্ছে, শুভেন্দু-রবির আলোচনায় এসব প্রসঙ্গ উঠে এসেছে। 

গত ৪ মে বিপুল জনাদেশ নিয়ে রাজ্যের ক্ষমতায় এসেছে বিজেপি। ২৯৪ আসনের মধ্যে ২০৮টি আসনেই গেরুয়া ঝড়। এরপর গত গত ৮ মে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে বৈঠক করেন রাজ্যের দলীয় নেতৃত্বের সঙ্গে। সর্বসম্মতিক্রমে ঠিক হয়, ভবানীপুরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করা ‘জায়েন্ট কিলার’ শুভেন্দু অধিকারীকেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসানো হবে। শাহ সেই সিদ্ধান্ত ঘোষণা করার পর ওইদিনই জয়ী বিধায়কদের কয়েকজনকে নিয়ে লোকভবনে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালের কাছে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ দিয়ে সরকার গঠনের আবেদন জানিয়েছিলেন। 

You might also like!