Country

48 minutes ago

Rajasthan Municipal Election 2026: পুরভোটে তরুণদের উত্থান! রাজস্থানে জয়ী ৬ জেন জি প্রার্থী

Young candidates gain ground in Rajasthan urban polls, 6 win in Jaipur
Young candidates gain ground in Rajasthan urban polls, 6 win in Jaipur

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:   রাজস্থানের পুরভোটে গেরুয়া ঝড় অব্যাহত। তবে ফলাফলে আরও একটি বিষয় বিশেষভাবে নজর কেড়েছে রাজনৈতিক মহল ও বিশেষজ্ঞদের। ভোটে জয় পেয়েছেন ছয় জন জেন জি প্রার্থীও। ১৫০টি ওয়ার্ডে বিজেপি ও কংগ্রেসের হয়ে মোট ১৮ জন জেন জি প্রার্থী নির্বাচনে লড়েছিলেন। তাঁদের মধ্যে চার জন কংগ্রেস প্রার্থী এবং দু’জন বিজেপি প্রার্থী জয়ী হয়েছেন। অর্থাৎ জয়পুর পুরসভায় এবার জেন জি প্রার্থীদের প্রতিনিধিত্ব দাঁড়াল প্রায় ৪ শতাংশে। 

সম্প্রতি ককরোচ জনতা পার্টির যন্তর মন্তরের আন্দোলনের সময় থেকেই নতুন করে চর্চায় এদেশের জেন জি। একটা প্রশ্ন এদেশের রাজনৈতিক পরিসরে বারবার উঠে এসেছে। আদৌ কি নব্য প্রজন্ম রাজনীতি নিয়ে কোনওভাবে আগ্রহী? কিন্তু যন্তর মন্তর সেই প্রশ্নের ‘জবাব’ দিয়ে দিয়েছে। এবার রাজস্থানেও পুর ভোটেও সেই তরুণ প্রজন্মেরই জয়জয়কার। জয়ীদের মধ্যে অন্যতম ২১ বছর বয়সি সাংবাদিক নেহা শর্মা। তিনি রাজস্থানের আলওয়ার জেলার থানাগাজি ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন। সাংবাদিকতার জগৎ থেকে বিজেপির হয়ে রাজনীতির ময়দানে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। জানিয়েছেন, সাংবাদিকতার কাজ করতে গ্রামাঞ্চলে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছিল, তার ভিত্তিতেই রাজনীতির দুনিয়ায় পা রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। 

অন্যদিকে কংগ্রেসের ২১ বছর বয়সি প্রার্থী ফায়েজ হাসানও জয়ী হয়েছেন। জয়পুরের ৭২ নম্বর ওয়ার্ড থেকে জয় লাভ করেছেন ২২ বছর বয়সি সুমন ভাটি। তিনি গৃহবধূ। জানিয়েছেন তিনটি পাবলিক লাইব্রেরি তৈরি করবেন। পাশাপাশি মহিলাদের জন্য সিভিল ডিফেন্স ক্লাসের আয়োজনও করবেন। আবার ১০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন পালক যাদব। বয়স ২১। এই বিজেপি প্রার্থী ৩৯ বছরের কংগ্রেস প্রার্থী বন্দনা জাখরকে হারিয়ে দিয়েছেন। আবার ১১৫ নম্বর ওয়ার্ডে ২৯ বছরের বিজেপি প্রার্থী সুরজ গোদিওয়াল হারিয়েছে ৬৭ বছরের কং প্রার্থী সুরেশ বিওয়ালকে। 

You might also like!