
বদোদরা, ৯ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদোদরা সফরের সময় তাঁর সঙ্গে দেখা করে আবেগাপ্লুত হয়ে পড়লেন জুনাগড়ের জাতীয় স্বর্ণপদকজয়ী বিশ্বা হিতেশভাই ওয়াডোরিয়া। প্রধানমন্ত্রীকে সামনে থেকে দেখেই তাঁর চোখে জল চলে আসে। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের এই মুহূর্ত তাঁর কাছে অত্যন্ত স্মরণীয় হয়ে থাকল।
বিশ্বা জানান, জুনাগড় জেলার মালিয়া হাটিনা তহশিলের একটি ছোট গ্রাম থেকে তাঁর উঠে আসা। প্রধানমন্ত্রীকে তিনি বলেন, “মোদীজি, আপনি আমার পাপ্পার ভগবান। আপনাকে এত কাছ থেকে দেখা আমার কাছে স্বপ্নের মতো ছিল। আজ সেই স্বপ্ন পূরণ হল।”
জাতীয় স্বর্ণপদকজয়ী বিশ্বা জানান, তাঁদের গ্রামে মেয়েদের খেলাধুলোয় অংশ নেওয়ার সুযোগ সহজে মিলত না। তাঁর বাবা হিতেশ ওয়াডোরিয়া ‘খেল মহাকুম্ভ’-এ তাঁর নাম নথিভুক্ত করান। সেটিই তাঁর ক্রীড়াজীবনের গুরুত্বপূর্ণ মোড় হয়ে ওঠে। এরপর রাজ্য, জাতীয় ও আন্তর্জাতিক স্তরের বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বা। বর্তমানে তিনি স্পোর্টস অথরিটি গুজরাটে কোচ (দাবা প্রশিক্ষক) হিসেবে কাজ করছেন।
বিশ্বা আরও জানান, ২৩ বছর বয়স থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে কাছ থেকে দেখা করার এই সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘খেল মহাকুম্ভ’ তাঁর জীবন ও ক্রীড়াজীবনে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। এই উদ্যোগের কারণেই তিনি চাকরি পেয়েছেন এবং খেলাধুলোর ক্ষেত্রে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর তিনি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছেন বলেও জানান বিশ্বা। তাঁর কথায়, প্রধানমন্ত্রীকে দেখে দেশের জন্য কিছু করার এবং নিজের ক্ষেত্রে আরও ভালো করার প্রেরণা পেয়েছেন তিনি।
