
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এবছর ১৮ সেপ্টেম্বর পালিত হবে বিশ্বকর্মা পুজো। শিল্প, কারিগরি ও যন্ত্রের দেবতা হিসেবে ভগবান বিশ্বকর্মার আরাধনার সঙ্গে এই দিনটি ঘিরে রয়েছে নানা প্রচলিত রীতি ও আচার। বিশেষ করে কলকারখানা, ওয়ার্কশপ থেকে শুরু করে বাড়িতেও বিভিন্ন যন্ত্রপাতি ও গাড়ির পুজো করার চল রয়েছে। বর্তমান সময়ে দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে নানা ধরনের যন্ত্র। কম্পিউটার, স্মার্টফোন, টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিনের মতো বৈদ্যুতিক সরঞ্জাম এখন প্রায় প্রতিটি বাড়িরই প্রয়োজনীয় অংশ। তাই বিশ্বকর্মা পুজোয় অনেকে নিজেদের নিয়মিত ব্যবহৃত যন্ত্রপাতি পরিষ্কার করে পুজো করেন এবং সেগুলির মঙ্গল কামনা করেন।
একইভাবে যাঁদের নিজস্ব গাড়ি রয়েছে, তাঁদের কাছেও বিশ্বকর্মা পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই দিনে গাড়ি পরিষ্কার করে পুজো করা এবং কয়েকটি বিশেষ নিয়ম মেনে চলা শুভ। এতে যন্ত্রপাতি ভালো থাকে এবং গাড়ি নিয়ে অনাকাঙ্ক্ষিত বিপত্তি এড়ানো যায় বলে বিশ্বাস করেন অনেকে। বিশ্বকর্মা পুজোয় গাড়ির মালিকদের কোন কোন কাজ করা উচিত এবং কোন বিষয়গুলি মাথায় রাখা ভালো, জেনে নিন।
১. বিশ্বকর্মা পুজোর দিন অবশ্যই নিজের গাড়ি পরিষ্কার করবেন। যদি নিজে পরিষ্কার করার সময় না পান, তাহলে অন্য কাউকে দিয়ে, বা যেখানে গাড়ি ধোওয়া হয় সেখানে গিয়ে একদিন আগে গাড়ি পরিষ্কার করে নিন। আর বিশ্বকর্মা পুজোর দিন একটা পরিষ্কার কাপড় দিয়ে একবার গাড়ি ভাল করে মুছে নিন।
২. সব যন্ত্রে বিশ্বকর্মার বাস। তাই তাঁর পুজোর দিন আপনার গাড়িরও পুজো করুন। গাড়ির ইঞ্জিনে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকুন। ফুল, মালা ও চাল নিবেদন করে পুজো করুন। লাল ও হলুদ সুতোয় একটি সুপারি জড়িয়ে নিয়ে সেটি হাতে নিয়ে আপনার গাড়িকে সুরক্ষিত ও নিরাপদ রাখার জন্য বিশ্বকর্মা দেবের কাছে প্রার্থনা করুন। এর ফলে আপনার গাড়িতে কোনও অশুভ প্রভাব পড়বে না বলে মনে করা হয়।
৩. বিশ্বকর্মা পুজোর দিন আপনার গাড়ি ভুলেও আর কাউকে ব্যবহার করতে দেবেন না। একে অশুভ বলে মনে করা হয়। এর ফলে গাড়ি নিয়ে নানা সমস্যার মধ্যে পড়তে হতে পারে আপনাকে।
৪. মনে রাখবেন গাড়ির পুজো করার সময় ইঞ্জিন একবার স্টার্ট দিয়ে নেবেন এবং বিশ্বকর্মার কাছে গাড়ি ভাল রাখার জন্য প্রার্থনা করবেন। এর ফলে আপনার গাড়ি কখনও মাঝরাস্তায় বিগড়ে গিয়ে আপনাকে সমস্যার মধ্যে ফেলবে না বলে প্রচলিত বিশ্বাস।
