
কলকাতা, ১৬ সেপ্টেম্বর : স্পেন জাতীয় দলের ডাগআউটে লুইস দে লা ফুয়েন্তের পথচলা আরও লম্বা হচ্ছে। মঙ্গলবার বিশ্বকাপজয়ী এই কোচ ২০৩০ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হয়েছেন। গত জুলাই মাসে বিশ্বকাপ জয়ের আগে ২০২৪ সালে স্পেনকে ইউরোর শিরোপাও জেতান দে লা ফুয়েন্তে। ৬৫ বছর বয়সী এই কোচের বর্তমান চুক্তির মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত। মেয়াদ দুই বছর বাড়ানো হলে ঘরের মাঠে বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযানে স্পেনের দায়িত্বে থাকবেন দে লা ফুয়েন্তেই। উল্লেখ্য, মরক্কো ও পর্তুগালের সঙ্গে যৌথভাবে ২০৩০ বিশ্বকাপ আয়োজন করবে স্পেন। ২০২২ সালের ডিসেম্বরে দায়িত্ব নেওয়া দে লা ফুয়েন্তের কোচিংয়ে ৪১টি প্রতিযোগিতামূলক ম্যাচের মধ্যে কেবল দুটিতে হেরেছে স্পেন।
