
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তৃণমূল কংগ্রেস ক্ষমতাচ্যুত হয়েছে। দলের দীর্ঘদিনের একাধিক সৈনিকও ইতিমধ্যে সঙ্গ ছেড়েছেন। তার উপর একাধিক মামলায় জর্জরিত কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে কালীঘাট তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। এরই মধ্যে মঙ্গলবার চন্দ্রনাথ রথ খুনের ঘটনায় ‘ভাইপো গ্যাং’-এর দিকে অভিযোগের আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই আবহেই সোশাল মিডিয়ায় অভিষেকের একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। চোখের একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আমি এখনও শেষ হয়ে যাইনি।” তাঁর এই বার্তাকে ঘিরে রাজনৈতিক মহলে নানা ব্যাখ্যা সামনে আসছে। ওয়াকিবহাল মহলের একাংশের মতে, এই পোস্টের মাধ্যমে অভিষেক কার্যত বার্তা দিতে চেয়েছেন যে প্রতিকূল পরিস্থিতি এলেও তিনি ময়দান ছেড়ে সরে যাওয়ার পাত্র নন।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের সমস্যা দীর্ঘদিনের। বহুবার চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন তিনি। তবে এবারের পরিস্থিতি একেবারে আলাদা। কারণ, রাজ্যে আর ক্ষমতায় নেই তৃণমূল সরকার। এদিকে মামলায় জর্জরিত হয়ে পড়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একাধিক দুর্নীতি মামলা তাঁর নাম জড়িয়েছে। অনেকেরই ধারণা বর্তমানে তৃণমূলের যা পরিস্থিতি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর আর কোনও পথ নেই। অর্থাৎ দলের পুরোপুরি শেষ হয়ে যাওয়া স্রেফ সময়ের অপেক্ষা। কারণ, তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীকও আদৌ কতদিন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকবে, তা নিশ্চিত নয়। তবে হাল ছাড়তে যে রাজি নন, তা বুঝিয়ে দিলেন অভিষেক।
বর্তমানে চোখের চিকিৎসার জন্য আদালতের অনুমতি নিয়েই বিদেশে রয়েছেন অভিষেক। সেখান থেকেই ইনস্টাগ্রামে চোখের একটি ছবি স্টোরি দিয়েছেন তিনি। যেখানে স্পষ্ট ক্ষতচিহ্ন। ক্যাপশনে লিখেছেন, ‘এই ক্ষতচিহ্নই বলে দেয় যে আমি কতটা কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গিয়েছি। আমার চোখ বলে দেয় আমি এখনও শেষ হয়ে যায়নি।’ ওয়াকিবহল মহলের দাবি, এই পোস্টের মাধ্যমেই অভিষেক বুঝিয়ে দিয়েছেন, তিনি কঠিন লড়াই করেছেন। এবং সমস্ত আঘাতকে শক্তি করেই ফের ঘুরে দাঁড়াবেন।
