
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আরব সাগরে ভারতের একটি রণতরীর সঙ্গে ধাক্কা পাকিস্তানি যুদ্ধজাহাজের। ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নয়াদিল্লি। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। তবে ঘটনার পর এখনও পর্যন্ত ইসলামাবাদের তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
সূত্রের খবর, মঙ্গলবার সন্ধ্যায় গদর বন্দরের কাছে আন্তর্জাতিক জলসীমায় নজরদারি চালাচ্ছিল ভারতীয় নৌসেনার রণতরীটি। সেই সময় একটি পাক যুদ্ধজাহাজ দ্রুত গতিতে ভারতীয় রণতরীটির দিকে চলে। এরপর আচমকা সেটি গতিপথ পরিবর্তন করে। এর জেরেই সংঘর্ষ হয় দুই যুদ্ধজাহাজের। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। গোটা ঘটনায় ক্ষুব্ধ নয়াদিল্লি। পাক যুদ্ধজাহাজের এহেন আচরণকে ‘অগ্রহণযোগ্য’ এবং ‘অপেশাদার আচরণ’ হিসাবে উল্লেখ করেছে ভারত।
সরকারের একটি সূত্রের বক্তব্য, ভারতীয় বণতরীটি নিয়মিত অভিযানের অংশ হিসাবে চলাচল করছিল। অন্য কোনও জাহাজের গতিপথ নিয়ে সন্দেহ দেখা দিলে যুদ্ধজাহাজগুলির নিজেদের মধ্যে যোগাযোগ স্থাপন করা একটি সাধারণ রীতি। কিন্তু পাক যুদ্ধজাহাজটি হঠাৎ বিপজ্জনকভাবে গতিপথ পরিবর্তন করে। ভারতীয় নৌবাহিনীর নেওয়া সতর্কতামূলক পদক্ষেপের ফলে পরিস্থিতি জটিল আকার ধারণ করেনি। এই ঘটনায় ভারতের বণতরীর কোনও ক্ষতি হয়নি, তবে সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্ত হয় পাক যুদ্ধজাহাজটি। এরপর সেটি করাচি বন্দরে ফিরে যায়। এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বিদেশমন্ত্রক জানিয়েছে, পাক নৌসেনার এহেন আচরণ ১৯৯১ সালে ভারত-পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া, অভিযান এবং সৈন্য চলাচলের আগাম বিজ্ঞপ্তি সংক্রান্ত চুক্তির ১০ নম্বর অনুচ্ছেদের সরাসরি লঙ্ঘন।
