Entertainment

46 minutes ago

Sohini- Shovan: ‘এমন নামও হয়!’ হবু সন্তানের নাম শুনে অবাক সোহিনী, শোভনের পছন্দ ঘিরে চমক

Bengali actress Sohini Sarkar and musician Shovan Ganguly
Bengali actress Sohini Sarkar and musician Shovan Ganguly

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  খুব শিগগিরই জীবনের এক নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন অভিনেত্রী সোহিনী সরকার। গত জুলাইয়ে বিয়ের দ্বিতীয় বিবাহবার্ষিকীতে সুখবরটি নিজেই জানিয়েছিলেন তিনি। দুই থেকে তিন হওয়ার অপেক্ষায় এখন অভিনেত্রী ও তাঁর পরিবার। বেলুড়ে শ্বশুরবাড়িতে সোহিনীর সাধভক্ষণের জমজমাট আয়োজনের বেশ কিছু মুহূর্তও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। ভালোবাসা ও শুভেচ্ছায় ভেসেছিলেন তিনি। এই মুহূর্তে আট মাসের অন্তঃসত্ত্বা সোহিনী। তবে মাতৃত্বের এই সময়েও কাজের ক্ষেত্রে কোনওরকম আপস করতে নারাজ তিনি। বরং আগের মতোই উদ্দীপনায় নতুন ছবির প্রচারে ব্যস্ত অভিনেত্রী। মানসী সিনহা পরিচালিত ‘বেগুনি রঙের আলো’ ছবির প্রচারে তাঁর হাসিখুশি উপস্থিতিও নজর কেড়েছে। প্রচার অনুষ্ঠানে নিজের অন্তঃসত্ত্বাকালীন নানা অভিজ্ঞতা ও মাতৃত্বের মিষ্টি অনুভূতির কথা ভাগ করে নেন সোহিনী। সেখানেই উঠে আসে আরও এক চমকপ্রদ তথ্য। হবু সন্তানের নাম ইতিমধ্যেই ঠিক করে ফেলেছেন হবু বাবা শোভন। তাহলে কী নাম রাখা হয়েছে তাঁদের অনাগত সন্তানের? 

সোহিনীর বেবি বাম্প আগলে শোভন, দ্বিতীয় বিবাহবার্ষিকীতে এরকমই এক আদুরে পোস্টে সুখবর সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তারকা দম্পতি। এরপরই সোহিনীর গর্ভকালীন প্রতিটি মুহূর্তের খুটিনাটি জানতে অত্যুৎসাহী অনুরাগীরা। সোহিনীও ভক্তদের বিন্দুমাত্র নিরাশ করছেন না। নতুন ছবির প্রচারে এসে জীবনের এই নতুন জার্নির নানান অনুভূতি ভাগ করে নিচ্ছেন। হবু মা-আর সন্তানের শোভন কতটা দায়িত্ববান সেটা তো আগেই জানিয়েছেন সোহিনী। ‘বেগুনি রঙের আলো’র প্রচারে এসে বলে দিলেন, জুনিয়রকে নাকি ‘টুল’ বলে ডাকবেন শোভন। সোহিনীর কথা শুনে উপস্থিত সকলে হেসে আকুল। এ আবার কেমন নাম! তবে শোভনের ভাবনার নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন সোহিনী।


নামটা শুনে প্রথমে নিজেও অবাক হয়েছিলেন সোহিনী। কিন্তু, শোভনের মতে, টুলের উপর ভর দিয়ে উঁচুতে ওঠা যায়। সেক্ষেত্রে আবার হবু মায়ের পালটা যুক্তি, তাহলে তো মই বা সিঁড়িও হতে পারে। পরিচালক মানসী সিনহা মজা করে বলেন, “এর চেয়ে ছোট আর কোনও নাম খুঁজে পাওয়া সম্ভব ছিল না বোধহয়!” সঙ্গে সঙ্গে সোহিনীর রসিকতা, মেয়ে হলে বোধহয় ‘টুলি’ হয়ে যাবে। ব্যক্তিজীবনের মজার অভিজ্ঞতার ঝুলি উপুর তো করে দিলেন, এদিকে দিদি শাশুড়ি অর্থাৎ শোভনের ঠাকুমার ভয়ে বুক দুরুদুরু। সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে তাকে নিয়ে আগাম আলোচনা মোটেই পছন্দ নয় তাঁর। যদি জানতে পারেন বউমা সোহিনী প্রকাশ্যে এসব বলেছেন তাহলে আর রক্ষে নেই। 


You might also like!