
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইপিএলকে ঘিরে বিতর্ক ও আর্থিক অনিয়মের অভিযোগের পর গত দেড় দশকেরও বেশি সময় ধরে দেশের বাইরে রয়েছেন ললিত মোদি। ২০১০ সালে আর্থিক দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে ভারত ছেড়ে লন্ডনে চলে যান তিনি। বর্তমানে সেখানেই নিজের ব্যবসায়িক সাম্রাজ্য গড়ে বসবাস করছেন ললিত মোদি। এরই মধ্যে গত জুন মাসে লন্ডনে ললিত মোদির সঙ্গে রণবীর সিংয়ের সাক্ষাতের খবর প্রকাশ্যে আসে। সেই সাক্ষাৎ ঘিরেই বলিউডে শুরু হয়েছিল নানা জল্পনা। বিনোদন মহলে কানাঘুষো ছিল, ললিত মোদির জীবন নিয়ে তৈরি হতে চলা বায়োপিকে অভিনয় করার বিষয়ে আগ্রহী রণবীর সিং। এতদিন সেই জল্পনা থাকলেও এবার সেই খবরই বাস্তবের পথে এগোচ্ছে বলে ইঙ্গিত মিলেছে। ফলে ললিত মোদির চরিত্রে রণবীর সিংকে দেখা যাবে কি না, তা নিয়ে অনুরাগীদের আগ্রহও বাড়ছে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, আইপিএল কেলেঙ্কারিতে ফেরার ললিত মোদির বর্ণময় জীবনকাহিনি পর্দায় ফুটিয়ে তোলার জন্য ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা। ললিতের জীবন যে ঘটনাবহুল, নিঃসন্দেহে সেকথা বলা যায়। কারণ তিনি যেমন জীবনে সাফল্যের সিংহাসনের স্বাদ পেয়েছেন, তেমনই তাঁর ব্যবসার কৌশলীও বরাবর চর্চায় থেকেছে। শুধু কি তাই? নানাবিধ বিতর্কের জেরে সংবাদ শিরোনামেও থেকেছেন মোদি। আর ললিতের এহেন ঘাত-প্রতিঘাতের কাহিনিই সিনেমার পর্দায় ফুটিয়ে তুলতে চলেছে সাজিদের প্রযোজনা সংস্থা ‘নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেইনমেন্ট’। সূত্রের খবর, ছবির কাজ বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং চিত্রনাট্য লেখার কাজও এগোচ্ছে দ্রুত গতিতে। খবর, লেখক-প্রযোজক স্নেহা রাজানি এই ছবির চিত্রনাট্যের দায়িত্বে রয়েছেন। মাসকয়েক আগে ললিত মোদি নিজেই জানিয়েছিলেন সেকথা।

প্রযোজনা সংস্থার ঘনিষ্ঠ সূত্র মারফৎ জানা দিয়েছে, “ললিত মোদীর জীবনে এত বৈচিত্র্যময়, যে সেখানে অনেক কিছু অন্বেষণ করার সুযোগ রয়েছে। বড় পর্দায় এই গল্প বলার মূল উদ্দেশ্যই হল, সংবাদ শিরোনামের আড়ালে থাকা ব্যক্তি ললিত মোদিকে জনসমক্ষে তুলে ধরা।” যদিও এই সিনেমা পরিচালনার দায়িত্বে কে? কারাই বা অভিনয় করছেন? সেসব এখনও আলোচনা স্তরে। গত জুন মাসে এক সাক্ষাৎকারে ললিত মোদি জানিয়েছিলেন, একসময় রণবীর সিং তাঁর চরিত্রে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেছিলেন। যার জন্যে গোপনে দেখাও করেছেন ‘ধুরন্ধর’ অভিনেতা। তিনি বলেন, “রণবীর আমার বায়োপিকে অভিনয় করতে চান। উনি নিজে লন্ডনে এসে আমার সঙ্গে দেখা করেছিলেন। আমিও চাই রণবীরই আমার চরিত্রে অভিনয় করুক। তবে প্রশ্ন হল, ওঁর হাতে সময় আছে কিনা! কারণ রণবীর এখন অনেক বড় তারকা।”
কীভাবে লন্ডনে গোপনে সাক্ষাৎ হয়? এপ্রসঙ্গে ললিত জানান, আগে আমি রণবীরকে চিনতাম না! ওঁর সঙ্গে তার আগে কোথাও দেখাও হয়নি আমার। যদিও ওঁর স্ত্রী দীপিকার সঙ্গে আলাপ ছিল। তো একদিন হঠাৎ একটা ফোন পেলাম যে- রণবীর নাকি আমার সাথে দেখা করতে চান। দু’বছর আগে আমার সঙ্গে দেখা করার জন্যে উনি লন্ডনেও এসেছিলেন। রণবীর আমাকে বলেছিলেন- কেরিয়ারে যদি কোনও রোলে অভিনয়ের সাধ থেকে থাকে, তাহলে সেটা হল আইপিএল কমিশনার ললিত মোদির চরিত্র। আমি প্রস্তাব দিইনি, ও নিজেই আগ্রহ দেখিয়েছিল। ও দুর্দান্ত অভিনেতা। ‘ধুরন্ধর’-এ দারুণ অভিনয় করেছেন।” তাহলে কি নিজের বায়োপিকে রণবীর সিংকেই চূড়ান্ত করেন তিনি? এপ্রসঙ্গে ‘পলাতক’ ললিত জানান, “এখন আর রণবীর আমার চরিত্রে অভিনয় করতে চান কিনা- সেটা জানি না। তবে বছর দুয়েক আগে আমার লন্ডনের বাড়িতে বসেই ওঁর সঙ্গে বায়োপিকের চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলাম। যেটার কাজ এখনও চলছে। আরেকটু সময় দরকার।” অদূর ভবিষ্যতে কি তাহলে ‘ধুরন্ধর’ ললিত মোদির ভূমিকায় দেখা যাবে সুপারস্টার সিংকে? এমন জল্পনা যখন তুঙ্গে, এর মাঝেই প্রযোজনা সংস্থার চিত্রনাট্যে শান দেওয়ার এল।
