kolkata

1 hour ago

West Bengal Election 2026:বিজেপি প্রার্থী রত্না দেবনাথের বিরুদ্ধে ‘গো ব্যাক’ স্লোগান

Ratna Debnath
Ratna Debnath

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণের দিন উত্তর ২৪ পরগনা জেলার পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী রত্না দেবনাথকে প্রবল বিক্ষোভের মুখে পড়তে হলো। বুধবার সকালে পানিহাটি পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের আগরপাড়া নিউ আদর্শ নগর এলাকায় একদল লোক তাঁর গাড়ি ঘিরে ধরে “গো ব্যাক” স্লোগান দিতে শুরু করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রত্না দেবনাথের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তাঁকে বাধা দেওয়ার এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার চেষ্টা করেছে। তিনি দাবি করেন, তাঁর গাড়ি ঘিরে ধরে পরিকল্পিতভাবে এই বিক্ষোভ ও স্লোগান দেওয়া হয়েছে। এলাকায় শান্তিপূর্ণ ভোটদান নিশ্চিত করতে এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন তিনি।এর আগে বুধবার সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন রত্না দেবনাথ। ভোট দিয়ে বেরিয়ে তিনি সংবাদমাধ্যমকে জানান, সাধারণ মানুষ তাঁকে সমর্থন করবেন এবং তিনি নিশ্চিতভাবে ন্যায়বিচার পাবেন।তাঁর স্বামীও এই প্রসঙ্গে মুখ খুলেছেন। তিনি বলেন, মেয়ের মৃত্যুর বিচারের আশায় তাঁদের এই রাজনৈতিক পথ বেছে নিতে হয়েছে, যা অত্যন্ত বেদনাদায়ক। তবে শেষ পর্যন্ত সত্যের জয় হবে বলেই তাঁর বিশ্বাস।

উল্লেখ্য, প্রায় দেড় বছর আগে কলকাতার আর. জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার পর রাজ্যজুড়ে তীব্র প্রতিবাদ শুরু হয়েছিল। সেই ঘটনার বিচার চেয়েই মৃত চিকিৎসকের মা রত্না দেবনাথ রাজনীতিতে যোগ দেন এবং এবার পানিহাটি বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

You might also like!