
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের দিন সকালে নজিরবিহীন পদক্ষেপ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুর কেন্দ্রের প্রার্থী হিসেবে তিনি সকাল আটটা নাগাদ বিভিন্ন বুথ পরিদর্শনে বেরিয়ে পড়েন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট করে জানান, এই সফর সম্পূর্ণভাবে প্রার্থী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে নয়। একইসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তাঁর অভিযোগ, ৭১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম বসু-র বাড়িতে গভীর রাতে কেন্দ্রীয় বাহিনী তল্লাশি চালায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
বুধবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে রাজ্যের ১৪২ টি কেন্দ্রে ভোটগ্রহণ পর্ব। ঘণ্টাখানেকের মধ্যে অর্থাৎ সকাল ৮টা নাগাদ আচমকা কালীঘাটের বাড়ি থেকে বেরিয়ে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। যা বাংলার নির্বাচনী পরিবেশে নতুূন ছবি। সাধারণত ভোটের দিনগুলিতে তৃণমূল সুপ্রিমো বাড়িতেই থাকেন। ভোট শেষের পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হন। কিন্তু এবারই ব্যতিক্রম ঘটল। সাতসকালেই ভবানীপুরের বুথে বুথে ঘুরলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৭১, ৮২ নং বুথে যান।
চেতলায় ফিরহাদ হাকিমের বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে দেখা করেন মেয়রের সামনে। ভোটের আগে মাঝরাতে ফিরহাদের বাড়ি গিয়ে কেন্দ্রীয় বাহিনী হুমকি দিয়েছে বলে মঙ্গলবার ফিরহাদ যে অভিযোগ তুলেছিলেন, সে সম্পর্কে জানতে চান মমতা। এরপর ৮২ নং বুথে দিয়ে কেমন ভোটপর্ব চলছে, তা ঘুরে দেখেন। যদিও ভিতরে তিনি ঢোকেননি। সেখান থেকেও কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও। বুধবার সকালে সাড়ে ৮টা নাগাদ ভবানীপুরের মিত্র ইনস্টিউশনে ভোট দিয়ে তাঁর অভিযোগ, বাহিনী এবং পুলিশ পর্যবেক্ষকরা ঘরে ঘরে হুমকি দিচ্ছেন, এটা নির্বাচনী বিধি বহির্ভূত।
