
উজ্জয়িনী, ১৮ সেপ্টেম্বর : ভারতীয় জনতা পার্টির (বিজেপি) জাতীয় সভাপতি নিতিন নবীন শুক্রবার ভোর ৪টে নাগাদ মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে শ্রী মহাকালেশ্বর মন্দিরে পৌঁছন| বাবা মহাকালের প্রাতঃকালীন ভস্ম আরতিতে অংশ নিয়ে পূজার্চনা করেন তিনি। তাঁর সঙ্গে মধ্যপ্রদেশের বিজেপি সভাপতি হেমন্ত খাণ্ডেলওয়াল এবং উজ্জয়িনী-আলোটের সাংসদ অনিল ফিরোজিয়াও উপস্থিত ছিলেন। নিতিন নবীন এদিন প্রায় দেড় ঘণ্টা ধরে আরতিতে অংশ নেন। বাবা মহাকালের জলাভিষেকও করেন তিনি। মহাকালের দর্শনের পর নিতিন নবীন বলেন, দেশের সমস্ত নাগরিকের সুখ, সমৃদ্ধি, শান্তি ও কল্যাণের প্রার্থনা করেছেন তিনি।
উল্লেখ্য, নিতিন নবীন ১৭ ও ১৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশ সফরে রয়েছেন। বৃহস্পতিবার উজ্জয়িনীতে তিনি 'সেবা সংকল্প অভিযান'-এর অধীনে শিপ্রা নদীর তীরে আয়োজিত একটি কর্মসূচিতে অংশ নেন। রামঘাটে ‘আশীর্বাদের প্রদীপ’ প্রজ্বলন করার পাশাপাশি তিনি শিপ্রা-য় আরতি ও ভজন সন্ধ্যায়ও যোগ দেন। আর শুক্রবার সকালে মহাকাল মন্দিরে পৌঁছে ভস্ম আরতিতে অংশ নেন তিনি। এদিন ভস্ম আরতি ও মহাকালের দর্শনের পর শ্রী মহাকালেশ্বর মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে নিতিন নবীনকে সংবর্ধনা জানানো হয়। শাল, শ্রীফল এবং বাবা মহাকালের প্রসাদ দেওয়া হয় তাঁকে।
