Game

1 hour ago

Ganguly Biopic: সৌরভের বায়োপিকের শুটিংয়ে পিচ নষ্ট! ২৭ পয়েন্ট কাটা, অবনমনের মুখে ইংল্যান্ডের ক্লাব

MS Dhoni made his debut under Sourav Ganguly's captaincy
MS Dhoni made his debut under Sourav Ganguly's captaincy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  তৈরি হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বায়োপিক ‘দাদা’। আর সেই ছবির শুটিংয়ের জেরেই এবার বিপাকে ইংল্যান্ডের একটি ঐতিহ্যবাহী ক্রিকেট ক্লাব। ইতিমধ্যেই ক্লাবটির ২৭ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। ফলে অবনমনের আশঙ্কাও তৈরি হয়েছে ১৪৭ বছরের পুরনো লেস্টারশায়ার কাউন্টি ক্লাবকে ঘিরে। অভিযোগ, সৌরভের বায়োপিকের শুটিংয়ের জন্য ব্যবহৃত হওয়ায় ক্লাবের পিচের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। পিচের ক্ষতির জেরেই লেস্টারশায়ারের বিরুদ্ধে কড়া শাস্তিমূলক পদক্ষেপ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই সিদ্ধান্তের ফলে কাউন্টি ক্রিকেটে তাদের অবস্থানও এখন বড়সড় চ্যালেঞ্জের মুখে। 

আগস্টের শেষদিকে কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগনের বিরুদ্ধে লেস্টারশায়ারের ম্যাচ ছিল। কিন্তু সেই ম্যাচের পিচকে ‘নিম্নমানের’ তকমা দিয়েছে শৃঙ্খলারক্ষা কমিটি। তারা সেই ম্যাচটি জিতলেও খারাপ পিচের জন্য ১৯ পয়েন্ট কেটে নেওয়া হয় ও আরও ৮ পয়েন্ট শাস্তি দেওয়া হয়। পাশাপাশি তাদের ৫০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৬ লক্ষ টাকা। কেন পিচের এই অবস্থা? লেস্টারশায়ারের প্রধান গ্রাউন্ডসম্যান কারণ হিসেবে বলেছেন, “ম্যাচের চারদিন আগে মাঠে বলিউডি সিনেমার শুটিং ছিল। আমাকে পিচে কাজ করতে দেওয়া হয়নি। তাই পিচ ঢাকা বা কোনও কিছুর অনুমতি ছিল না।” কিন্তু এই যুক্তি গ্রাহ্য হয়নি শৃঙ্খলারক্ষা কমিটির কাছে। ম্যাচ চলাকালীন পিচে অসমান বাউন্স ছিল। পিচে ফাটল বাড়তে থাকে। ম্যাচ রেফারি জানিয়েছেন, অন্তত ৪৩ বার বল অসমানভাবে বাউন্স করেছে। কমিটি মেনে নিয়েছে যে, লেস্টারশায়ার ইচ্ছাকৃতভাবে খারাপ পিচ তৈরি করেনি। কিন্তু শাস্তি মেনে নিতেই হবে।

২৭ পয়েন্ট কেটে নেওয়ায় ১৩ ম্যাচে তাদের পয়েন্ট হয়েছে ৯২। পয়েন্ট তালিকায় সবার নীচে। অবনমন বাঁচাতে এখন তাদের কাছে দু’টো উপায়। হয় পরের ম্যাচে জিততেই হবে। নয়তো ১০ দিনের মধ্যে আপিল করে জিততে হবে। উল্লেখ্য, ‘দাদা: দ্য সৌরভ গঙ্গোপাধ্যায় স্টোরি’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন রাজকুমার রাও। সৌরভের জন্মদিনে ফার্স্ট লুক প্রকাশ্যে আনা হয়েছে। সেখানেও এআই দিয়ে কেন ছবি বানানো হয়েছে, তা নিয়ে বিতর্ক হয়। মহারাজের চরিত্রে রাজকুমারকে একেবারেই বেমানান ঠেকেছে দর্শক-অনুরাগীমহলের একাংশের। আগামী বছরের মে মাসে সিনেমাটি মুক্তি পাওয়ার কথা।  

You might also like!