
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: হঠাৎ জ্বর, পেটব্যথা, বমি, এমনকি শ্বাসকষ্টও। উত্তর কলকাতার একটি নামী স্কুলে একসঙ্গে অন্তত ২৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। সোমবার রাতে একের পর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাঁদের আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি করে সঙ্গে সঙ্গেই শুরু হয় চিকিৎসা। আপাতত সকলকেই চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ঘটনার খবর পেয়েই সোমবার রাতে হাসপাতালে ছাত্রীদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বস্ত করার পাশাপাশি চিকিৎসা ও পরিস্থিতি মোকাবিলায় হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশ দেন তিনি। তবে একসঙ্গে এতজন ছাত্রী কীভাবে অসুস্থ হয়ে পড়লেন, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, জল কিংবা খাবার থেকে কোনও ধরনের সংক্রমণের কারণেই এই অসুস্থতা হয়ে থাকতে পারে। ঘটনার প্রকৃত কারণ জানতে পরিস্থিতির উপর নজর রাখছেন চিকিৎসকরা।
জানা যাচ্ছে, উত্তর কলকাতার দেশবন্ধু পার্কের ওই স্কুলের হস্টেলে থেকে পড়াশোনা করে ছাত্রীরা। সোমবার দুপুর পর্যন্ত সুস্থই ছিল তারা, একসঙ্গে পড়াশোনা করেছিল। তারপরই অসুস্থ হয়ে পড়ে তারা। এক অভিভাবক জানিয়েছেন, খাবার খাওয়ার পর থেকে আচমকা বমি, পেটব্যথা শুরু হয়। কারও কারও শ্বাসকষ্ট হয়, কারও জ্বর আসে। দুপুর ২টো থেকে সন্ধ্যা ৮টার মধ্যে একে একে ২৫ জনকে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জরুরি বিভাগে ভর্তি করিয়ে চিকিৎসা শুরু হয়। কর্তব্যরত ইএমও তাদের পরীক্ষা করে প্রয়োজনীয় দুটি ওষুধ দেন। রাত ১১টা নাগাদ তাদের দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী। সকলের সঙ্গে কথা বলে জানতে চান ঠিক কী সমস্যা হয়েছিল।
ছাত্রীদের সঙ্গে কথা বলার পাশাপাশি চিকিৎসকদের কাছেও খোঁজ নেন স্বাস্থ্যমন্ত্রী। প্রাথমিক অনুমান, জল বা খাবারে বিষক্রিয়া থেকে এই ঘটনা ঘটেছে। রাতেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে বেশ কিছু নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। স্কুলের রান্নাঘর সিল করা হয়। বিকল্প রান্নার ব্যবস্থার জন্য বলা হয়েছে। খাবারে কোনও সমস্যা হয়েছিল কি না, তা পরীক্ষা করার জন্য রান্নাঘর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে খবর।
