Entertainment

1 hour ago

9/11 Flashback: সুনীল শেট্টির দিকে বন্দুক তাক করেছিল মার্কিন পুলিশ! ৯/১১-র সময় কী ঘটেছিল?

Suniel Shetty
Suniel Shetty

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউডে দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে নিজের অভিনয় প্রতিভার ছাপ রেখেছেন সুনীল শেট্টি। রোম্যান্টিক চরিত্র থেকে শুরু করে অ্যাকশন হিরোর ভূমিকায় বারবার দর্শকদের মন জয় করেছেন তিনি। তবে পর্দার বাইরেও তাঁর জীবনে এমন কিছু ঘটনা রয়েছে, যা কোনও সিনেমার চিত্রনাট্যকেও হার মানাতে পারে। ২০০২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাঁটে’ ছবির শুটিংয়ের সময় এমনই এক ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা।

৯/১১-র হামলার পর উত্তপ্ত পরিস্থিতিতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ‘কাঁটে’ ছবির শুটিং চলছিল। সেই সময় গোটা দেশজুড়ে ছিল চরম সতর্কতা। এমন পরিস্থিতিতেই একটি সামান্য ভুল বোঝাবুঝির কারণে মার্কিন পুলিশের বন্দুকের নলের সামনে পড়ে যেতে হয়েছিল সুনীল শেট্টিকে।  সম্প্রতি এক জনপ্রিয় ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে সেই আতঙ্কের দিনের কথা স্মরণ করেন অভিনেতা। সুনীল জানান, ঘটনার দিন তিনি একটি হোটেলে ছিলেন। হোটেলের চাবি সঙ্গে নিতে ভুলে যাওয়ায় লিফটে এক আমেরিকান ব্যক্তির কাছে চাবি রয়েছে কি না জানতে চান তিনি।


সুনীলের কথায়, তাঁর মুখে তখন ছিল ঘন দাড়ি। ভাষাগত কারণে ওই ব্যক্তি তাঁর কথা ঠিকমতো বুঝতে পারছিলেন না বলে মনে হয়েছিল অভিনেতার। তাই কথাটি বোঝাতে তিনি ইশারা করতে শুরু করেন। কিন্তু সেই ইশারাকেই ওই ব্যক্তি অন্যভাবে নেন। এরপর আচমকাই পরিস্থিতি বদলে যায়। ওই ব্যক্তি হোটেল থেকে বাইরে ছুটে গিয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সেখানে পৌঁছে যায় সশস্ত্র মার্কিন পুলিশ। বন্দুক তাক করে তাঁকে নীচে নেমে আসার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ অমান্য করলে গুলি চালানোর হুমকিও দেওয়া হয়েছিল বলে জানান সুনীল। কী ঘটছে, তা বুঝে ওঠার আগেই মাটিতে হাঁটু গেড়ে বসতে হয় অভিনেতাকে। এরপর পুলিশ তাঁর হাতে হাতকড়া পরিয়ে দেয়। সেই মুহূর্তে পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল, তা এখনও মনে পড়লে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেতা।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার আগেই ঘটনাস্থলে পৌঁছন ‘কাঁটে’ ছবির প্রযোজনা দলের সদস্যরা। তাঁদের মধ্যে একজন পাকিস্তানি নাগরিক ছিলেন, যিনি ছবির প্রোডাকশন ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি মার্কিন পুলিশকে বোঝান যে বন্দুকের সামনে থাকা ব্যক্তি কোনও সন্দেহভাজন নন, বরং বলিউডের অভিনেতা সুনীল শেট্টি এবং ছবির শুটিংয়ের জন্যই সেখানে রয়েছেন। পরিচয় নিশ্চিত হওয়ার পর অবশেষে সুনীল শেট্টিকে ছেড়ে দেয় মার্কিন পুলিশ। তবে ৯/১১-র মতো ভয়াবহ ঘটনার পর সেই ভুল বোঝাবুঝির কারণে যে আতঙ্কের মধ্যে তাঁকে পড়তে হয়েছিল, সেই স্মৃতি এখনও অভিনেতার মনে তাজা। সিনেমার পর্দায় অসংখ্যবার বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সুনীল শেট্টি। কিন্তু বাস্তব জীবনে মার্কিন পুলিশের বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে হাতকড়া পরার অভিজ্ঞতা যে তাঁর জীবনের অন্যতম ভয়ংকর অধ্যায়, তা বলাই যায়।

You might also like!