Country

1 hour ago

Rahul Gandhi: নৌকাবিহারে রাহুল গান্ধী, ছবি পোস্ট করে নিশানা গিরিরাজের: ‘এরা কারা রাহুলজি?’

Giriraj Singh raised questions on this picture of Rahul Gandhi
Giriraj Singh raised questions on this picture of Rahul Gandhi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  রাজনীতির ময়দানে ব্যক্তিগত মুহূর্তও যে কখনও কখনও রাজনৈতিক প্রশ্নের বিষয় হয়ে ওঠে, তারই নজির ফের সামনে এল। রাহুল গান্ধীর নৌকাবিহারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তাঁকে প্রশ্নের মুখে ফেললেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ছবিটি প্রকাশ করে রাহুল গান্ধীর উদ্দেশে তাঁর প্রশ্ন, ছবিটি কোথায় এবং কবে তোলা হয়েছিল? পাশাপাশি ছবিতে রাহুলের সঙ্গে থাকা ব্যক্তিরা কারা, তা নিয়েও কৌতূহল প্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে কার্যত এই ছবির সূত্র ও সঙ্গীদের পরিচয় জানতে চেয়েছেন তিনি। 

তাঁর এমন খোঁচায় পালটা দিয়েছে কংগ্রেস। হাত শিবিরের তরফে পরিষ্কার জানানো হয়েছে, ছবিতে রাহুলের সঙ্গে যে মহিলা, তিনি তাঁর বন্ধুপত্নী। ছেলেটি তাঁর সন্তান। কংগ্রেসের মুখপাত্র সুপ্রিয়া শ্রীনেট জানিয়েছেন, ‘আপনি এক লম্পট প্রকৃতির মানুষ! নারী-পুরুষকে একসঙ্গে দেখলে কেবল জঘন্য চিন্তাই করতে পারেন… নিজের হতাশাকে আপনার উপর প্রভাব বিস্তার করতে দেবেন না।’ উল্লেখ্য, ইন্ডিয়ান ওভারসিজ কংগ্রেসের (আইওসি) সোশাল মিডিয়া ইন-চার্জ অভি দান্ডিয়া এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য দিয়েছেন। দান্ডিয়া বলেছেন, ‘এই ছবিটি টেক্সাসের লেক রে রবার্টসে তোলা হয়েছিল… গিরিরাজ সিং! এটি সত্য কি না, তা আপনি নিজেই যাচাই করে দেখতে পারেন।’ যুব কংগ্রেসের প্রাক্তন প্রধান শ্রীনিবাস বিভি কেন্দ্রীয় মন্ত্রীর উদ্দেশে খোঁচা মেরে বলেছেন, “বার্ধক্যে অতিরিক্ত কৌতূহল ভালো নয়… কোনো ভালো চিকিৎসকের পরামর্শ নিন।” সব মিলিয়ে বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে।

এদিকে রাহুল গান্ধীর বিদেশ সফর নিয়ে গতমাসেই খোঁচা দিয়েছিল বিজেপি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘২২ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে রাহুল গান্ধীর বিদেশ সফর রহস্যের আবরণে ঢাকা। তিনি কোথায় গিয়েছিলেন? কাদের সঙ্গে দেখা করেছিলেন? তাঁর ভ্রমণ ও থাকার খরচ কারা বহন করেছিল?’ পাশাপাশি তিনি আরও জানতে চান, বিরোধী দলনেতার এই ‘বিদেশি কর্মসূচি’র মধ্যে এমন কোনও বৈঠক ছিল কি না, যা দেশের ‘রাজনৈতিক বা কৌশলগত স্বার্থে’র উপরে প্রভাব ফেলতে পারে! তা জনগণের জানা উচিত বলেও দাবি করেন তিনি।  

You might also like!