
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই কর্মসংস্থান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে বিজেপি সরকার। সেই লক্ষ্যেই বুধবার ক্যাবিনেট বৈঠকে নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষের মধ্যেই অর্থাৎ আগামী মার্চ মাসের মধ্যে রাজ্যের বিভিন্ন দপ্তরে দেড় লক্ষেরও বেশি শূন্যপদে নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। এই বিপুল নিয়োগের মধ্যে রাজ্য পুলিশেও একাধিক শূন্যপদ পূরণ করা হবে। জানা গিয়েছে, রাজ্য পুলিশে প্রায় ১৬ হাজার এবং কলকাতা পুলিশে প্রায় ৪ হাজার পদে নিয়োগ করা হবে। ফলে সরকারি চাকরিপ্রার্থীদের জন্য ক্যাবিনেটের এই সিদ্ধান্তকে বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
তৃণমূল জমানায় নিয়োগ হয়নি। তা নিয়ে বহুবার মুখ খুলেছে আমজনতা। বাংলায় পালাবদলের নেপথ্যে যে সেই নিয়োগও একটা কারণ, তা বলার অপেক্ষা রাখে না। বিজেপি ক্ষমতায় আসার পরই বলেছিল, সব দপ্তরের শূন্যপদে দ্রুতই নিয়োগ করা হবে। কারণ, কর্মীর অভাবে ধুঁকছে বিভিন্ন দপ্তর। তাই আগেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরে দীর্ঘদিন ধরে পড়ে থাকা শূন্যপদের মধ্যে আগামী এক বছরের মধ্যে যে পদগুলি পুরণ করা জরুরি, সেগুলি চিহ্নিত করে বিস্তারিত তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সব শূন্যপদ একসঙ্গে পূরণ করার পরিবর্তে, আপাতত জরুরি ভিত্তিতে পূরণ করা প্রয়োজন এমন পদগুলিকেই অগ্রাধিকার দেওয়ার উপর জোর দেওয়া হয়।
বুধবার মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ সংক্রান্ত বড় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জানা গিয়েছে, চলতি অর্থবর্ষে সব দপ্তর মিলিয়ে মোট ১ লক্ষ ৫১ হাজার শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে রয়েছে কলকাতা ও রাজ্য পুলিশ মিলিয়ে মোট ২০ হাজার শূন্যপদ। আসলে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে বহু পদ খালি পড়ে থাকায় কাজের চাপ বাড়ছে। কোনও কোনও দপ্তরে প্রয়োজনীয় সংখ্যক কর্মী না থাকায় দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলাতে সমস্যা হচ্ছে। সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার ক্ষেত্রেও কর্মী ঘাটতির প্রভাব পড়ছে বলে প্রশাসনের অন্দরে আলোচনা রয়েছে। এই পরিস্থিতিতে প্রয়োজনীয় পদগুলি চিহ্নিত করে দ্রুত নিয়োগের পথে এগোতে চাইছে রাজ্য।
