
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ৯/১১-এর ধাঁচে বড়সড় হামলার আশঙ্কা তৈরি হয়েছিল মাঝআকাশে। বিমানে থাকা ১৭৪ জন যাত্রী ছাড়াও আরও বহু মানুষের প্রাণহানির সম্ভাবনা ছিল বলে দাবি করা হয়েছে। সেই পরিস্থিতিতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে অসীম সাহসিকতার পরিচয় দেন ভারতীয় পাইলট স্মিত মচ্ছার। সতীর্থ পাইলটের ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থাতেও তিনি পরিস্থিতির মোকাবিলা করে বহু মানুষের প্রাণ রক্ষা করেন বলে জানা যায়। সেই সাহসিকতার জন্য স্মিত মচ্ছারকে ফের প্রশংসায় ভরিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর কথায়, “৯/১১-র কায়দায় হামলা রুখেছে এক ভারতীয়।” প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর ফের আলোচনায় উঠে এসেছে মাঝআকাশের সেই ভয়াবহ ঘটনার কথা।
বৃহস্পতিবার সকালে দিল্লিতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মোদি। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “গতকালের ঘটনায় ভারতীয় ক্যাপ্টেন স্মিত অসাধারণ ধৈর্য, উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার পরিচয় দিয়েছেন। বস্তুত, ইজরায়েলের প্রধানমন্ত্রী যেমনটি বলেছেন, একজন ভারতীয় ৯/১১-র মতো এক ভয়ংকর হামলা প্রতিরোধ করেছেন।” তিনি আরও বলেন, “স্মিতের বাবা ভূপেন্দ্রভাই, মা গীতাবেন এবং স্ত্রী সোনালবেনের সঙ্গে আমার কথা হয়েছে। বর্তমানে তাঁর চিকিৎসা চলছে। গোটা বিশ্ব তাঁকে নিয়ে গর্ববোধ করছে।” দেশবাসীর কাছে ওই পাইলটের দ্রুত আরোগ্যের জন্যও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বুধবার সকালে ফ্লাইদুবাইয়ের এফজেড ১০৭৩ বিমানটি দুবাই থেকে তেল আভিভের উদ্দেশে রওনা দিয়েছিল। চালকের আসনে ছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। অভিযোগ, ককপিটের ভিতর তাঁর উপর আচমকা হামলা চালান সহ-পাইলট। ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। প্রায় দু’মিনিটে ১৭ হাজার ৪০০ ফুট নিচে নেমে আসে বিমানটি। তবে শেষ পর্যন্ত বিমানে থাকা অন্যান্য পাইলট এবং বিমানকর্মীরা পরিস্থিতি সামাল দেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রক্তে ভেসে যাচ্ছিল ককপিট। গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন ক্যাপ্টেন স্মিত মচ্ছার। যে কোনও মুহূর্তে বড়সড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু উড়ানটি নিরাপদে সৌদির উত্তর-পশ্চিমে, তাবুক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ইতিমধ্যেই হামলাকারী সহ-পাইলটকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে ক্যাপ্টেন স্মিত মচ্ছার সৌদির একটি হাসপাতালে চিকিৎসাধীন।
Captain Smit Machchhar has shown the world the highest form of courage.
— Narendra Modi (@narendramodi) October 1, 2026
Without fearing for his own life, he fought valiantly and prevented another 9/11 like attack from happening.
140 crore Indians salute Captain Smit and are praying for his well-being. pic.twitter.com/YGTA9CFCAg
