
কলকাতা, ২২ সেপ্টেম্বর : আগামী ২৫ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে এই সময়ে মূলত উপকূলের কাছাকাছি জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনায় দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রে খবর, ২২ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত উপকূলের জেলাগুলিতে বৃষ্টির তীব্রতা বাড়বে। বৃষ্টির সঙ্গে সঙ্গে উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়া কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সমুদ্র উত্তাল থাকার কারণে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে রয়েছেন, তাঁদেরও দ্রুত নিরাপদে ফিরে আসার নির্দেশ দিয়েছে প্রশাসন।
