West Bengal

1 hour ago

Suvendu Adhikari Helicopter: কেশপুর যাওয়ার পথে বিপত্তি! মুখ্যমন্ত্রীর কপ্টারে যান্ত্রিক ত্রুটি, কোলাঘাটে জরুরি অবতরণ

Emergency landing of Suvendu Adhikari's helicopter
Emergency landing of Suvendu Adhikari's helicopter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কপ্টারে আচমকাই যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরিস্থিতির কথা মাথায় রেখে কোলাঘাটে কপ্টারটি জরুরি অবতরণ করানো হয়। এরপর সেখান থেকে সড়কপথে কেশপুরের সভার উদ্দেশে রওনা দেন মুখ্যমন্ত্রী। তবে কপ্টার জরুরি অবতরণের নেপথ্যে যান্ত্রিক ত্রুটির পাশাপাশি খারাপ আবহাওয়াও কারণ হতে পারে বলে সূত্রের খবর। 

আজ, মঙ্গলবার একাধিক কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এদিন প্রথমে পশ্চিম মেদিনীপুরের কেশপুরে সভা করার কথা তাঁর। সেখান থেকে বাঁকুড়ায় যাবেন তিনি। বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। এদিন দমদম বিমানবন্দর থেকে আকাশ পথে কেশপুর হয়ে বাঁকুড়া যাওয়ার কথা ছিল তাঁর। নির্ধারিত সময়ে বিমানবন্দরে পৌঁছন শুভেন্দু। জানা গিয়েছে, রওনার আগেই ওই কপ্টারে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। তড়িঘড়ি কর্তৃপক্ষ বিষয়টা খতিয়ে দেখেন। এরপর সেই কপ্টারেই কেশপুরের পথে রওনা হন মুখ্যমন্ত্রী। আচমকা কোলাঘাট এলাকায় জরুরি অবতরণ করে কপ্টারটি।  

প্রাথমিকভাবে জানা যায়, যান্ত্রিক ত্রুটির কারণেই এই জরুরি অবতরণ। যদিও সূত্র মারফত জানা গিয়েছে, খারাপ আবহাওয়ার কারণেই নাকি পশ্চিম মেদিনীপুরে অবতরণ করতে পারেনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হেলিকপ্টার। বাধ্য হয়ে ফিরে এসে কোলাঘাটে বলাকা মঞ্চের মাঠে জরুরি অবতরণ করে। তারপর সেখান থেকে গাড়ি করে পশ্চিম মেদিনীপুরের উদ্দেশে রওনা দেন শুভেন্দু। সম্ভবত সড়ক পথেই বাঁকুড়াও যাবেন শুভেন্দু। তবে কপ্টারেই ফেরার সম্ভাবনা রয়েছে।  

You might also like!