West Bengal

56 minutes ago

Mahalaya in Gangasagar: মহালয়ায় গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল, তর্পণ ও পুণ্যস্নানে মুখর সাগর সঙ্গম

Sagar Sangam abuzz with ritual offerings and holy dips
Sagar Sangam abuzz with ritual offerings and holy dips

 

গঙ্গাসাগর, ১০ অক্টোবর : পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনায় মহালয়ার ভোরে পুণ্যার্থীদের ঢল নামল গঙ্গাসাগরে। ভোরের আলো ফোটার আগেই সাগর সঙ্গমে পুণ্যস্নান ও পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করতে ভিড় জমান অসংখ্য মানুষ। প্রাচীন ধর্মীয় রীতি মেনেই গঙ্গাসাগরের পবিত্র জলাশয়ে স্নান করে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করেন তাঁরা।

মন্ত্রোচ্চারণ, ধূপের গন্ধ, শঙ্খধ্বনি এবং মহিলাদের উলুধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা সাগরপাড়। পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ পুজোতেও অংশ নেন অনেকে। পুণ্যস্নান ও তর্পণ পর্ব শেষ করে পুজো দিতে কপিলমুনির আশ্রমের দিকে যেতে দেখা যায় পুণ্যার্থীদের।

ইতিমধ্যেই সাগরদ্বীপে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম হয়েছে। অন্য দিকে, গঙ্গাসাগরে যাওয়ার জন্য আট নম্বর লটে অপেক্ষা করছেন আরও বহু মানুষ। বিপুল ভিড় সামাল দিতে গোটা এলাকায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা করেছে জেলা প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয়েছে পর্যাপ্ত পুলিশকর্মী ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য অতিরিক্ত ভেসেল ও লঞ্চের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি তৈরি করা হয়েছে অস্থায়ী শৌচাগার ও পোশাক পরিবর্তনের ঘর। পানীয় জলের ব্যবস্থাও রাখা হয়েছে পর্যাপ্ত। মাইকে লাগাতার প্রচার চালিয়ে হারিয়ে যাওয়া ব্যক্তিদের তাঁদের পরিবারের সঙ্গে মিলিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রশাসনের অনুমান, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরে আরও কয়েক লক্ষ পুণ্যার্থীর সমাগম হতে পারে। সেই ভিড় সামাল দিতে নিরাপত্তা ও পরিষেবা ব্যবস্থার উপর নজর রাখছে প্রশাসন।

You might also like!