
শিলিগুড়ি, ৫ আগস্ট : বিহারে পাচার হওয়ার আগেই লক্ষাধিক টাকার বিদেশি মদ বাজেয়াপ্ত করলো পুলিশ। প্রধান নগর থানার পুলিশ শিলিগুড়ি জংশনের কাছে একটি লজে অভিযান চালিয়ে বিহারের সহরসা জেলার এক যুবককে গ্রেফতার করেছে। ধৃত যুবকের নাম ভাস্কর কুমার।
পুলিশের কাছে খবর ছিল, এক যুবক ওই লজে আছে, আর তার সঙ্গে রয়েছে বিপুল পরিমাণ বিদেশি মদ। শীঘ্রই তা বিহারে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সে। এই তথ্যের ভিত্তিতে, প্রধান নগর থানার পুলিশ মঙ্গলবার গভীর রাতে লজটিতে অভিযান চালায়। অভিযানের সময় পুলিশ একটি ঘর থেকে ভাস্কর কুমারকে গ্রেফতার করে। তল্লাশির সময় তার দুটি ট্রলি ব্যাগ থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত স্বীকার করেছে, বাজেয়াপ্ত হওয়া ওই মদ বিহারে পাচারের উদ্দেশ্য ছিল তার। পুলিশ সূত্রে জানা গেছে, বাজেয়াপ্ত হওয়া বিদেশি মদের বাজারমূল্য লক্ষাধিক টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশ বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে পেশ করবে।
