kolkata

1 hour ago

TMC name, symbol row: ‘জোড়াফুল’ অতীত, এবার ‘ব্যাট-বল’! মমতা-ঋতব্রতর নতুন প্রতীক ও দলের নাম নিয়ে জল্পনা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  ‘ঘাসের উপর জোড়াফুল’ এখন অতীত। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের সেই পরিচিত স্লোগানকেই এবার নিজেদের নতুন রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জুড়ে নিতে চাইছে কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, দলের প্রতীক নির্ধারণের জন্য নির্বাচন কমিশনের কাছে দুটি প্রতীকের প্রস্তাব পাঠানো হয়েছে। মজার বিষয়, প্রস্তাবিত দু’টি প্রতীকই খেলার সঙ্গে সম্পর্কিত। শুধু প্রতীক নয়, দলের নাম নিয়েও কমিশনের কাছে একাধিক প্রস্তাব দিয়েছে কালীঘাট তৃণমূল। সূত্রের খবর, মোট তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। আর তিনটি নামের প্রতিটিতেই রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। ফলে নতুন প্রতীক ও দলের নাম ঘিরে কালীঘাট তৃণমূলের পরিকল্পনা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে চর্চা। 

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তাঁরা মানেন না। ‘ঘাসের উপর জোড়াফুল’ প্রতীক এবং ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসে’র নাম ফ্রিজ হওয়ার পরই সাফ জানিয়ে দিয়েছিলেন কালীঘাট তৃণমূলের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু পরিস্থিতির বাধ্যবাধকতায় দলের জন্য নতুন নাম ও প্রতীক বেছে নিতে বাধ্য হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের দাবি, কালীঘাট তৃণমূল ইমেল মারফৎ নির্বাচন কমিশনকে দলের তিন নাম ও সম্ভাব্য ২ প্রতীকের একটি তালিকা জমা দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে দুটি প্রতীক বেছেছেন তার একটি হল ফুটবলার। অপর বিকল্প ক্রিকেট ব্যাট। আসলে ২০২১ সালে রাজ্যে ক্ষমতায় প্রত্যাবর্তনের নির্বাচনে ‘খেলা হবে’ স্লোগান বেশ জনপ্রিয় হয়েছিল। সম্ভবত সেই স্লোগান মনে করিয়েই খেলার সঙ্গে সম্পর্কিত প্রতীক বাছছে কালীঘাট।

এদিকে দলের নামের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগ জুড়ে দিতে চাইছে কালীঘাট শিবির। সেকারণে দলের যে তিনটি নামের প্রস্তাব দেওয়া হয়েছে তাতে মমতার নাম রয়েছে। তিনটি বিকল্প হল, ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’, ‘তৃণমূল কংগ্রেস মমতা।’ কালীঘাট তৃণমূলের বক্তব্য, “নেত্রীই আমাদের মুখ। দলের প্রত্যেকে মমতার সৈনিক। তাই তাঁর নাম থাকলে কর্মীদের আবেগ দলের সঙ্গে থাকবে।’ তবে নাম ও প্রতীক বাছলেও কমিশনের সিদ্ধান্তে যে তিনি অখুশি সেটা বুঝিয়ে দিয়েছেন মমতা। এদিন আরও একটি চমকপ্রদ সিদ্ধান্ত তিনি নিয়েছেন। সেটা হল সাংবাদিক সম্মেলন করার। ভোটের ফলপ্রকাশের পর প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সাংবাদিকদের সঙ্গে কোনও সম্পর্ক তিনি রাখবেন না। তবে আজ বিকালে সেই প্রতিজ্ঞা ভেঙে সাংবাদিক সম্মেলন করার কথা কালীঘাট তৃণমূলের সুপ্রিমোর।

এ তো গেল কালীঘাট শিবিরের কথা। ঋতব্রত শিবির তিনটি নামের একটি চাইছে। তাদের নাম হতে পারে ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’, জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস বা ‘পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস।’শুক্রবার সকালে তাঁরা নিজেদের নাম জমা দিয়েছন। ঋতব্রত শিবির খাম, ব্ল্যাক বোর্ড ও টর্চ প্রতীক হিসাবে চাইছে বলে খবর। এর মধ্যে খাম প্রতীক ব্যবহার করে আইএসএফ। এসইউসিআই প্রার্থী দিলে মোটামুটি ভাবে টর্চ প্রতীক পায়। অর্থাৎ দুটি পরিচিত প্রতীক চেয়েছে ঋতব্রত শিবির। এবার কমিশন দুই শিবিরের নাম ও প্রতীক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবে। 

You might also like!