Entertainment

1 hour ago

Priyanka Sarkar: শুটিংয়ে স্ক্রিপ্ট হাতে বিষণ্ণ প্রিয়াঙ্কা!শোকের মধ্যেও কাজে ফেরা, পেশাদারিত্বে নজির গড়লেন অভিনেত্রী

Bengali actress and wife of late actor, Rahul Banerjee, Priyanka Sarkar
Bengali actress and wife of late actor, Rahul Banerjee, Priyanka Sarkar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  স্বামী রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে এখনও গভীর শোকে ডুবে রয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। তবুও ব্যক্তিগত বিপর্যয়কে পাশে সরিয়ে রেখে পেশার প্রতি দায়বদ্ধতার এক অনন্য উদাহরণ তৈরি করলেন তিনি। শুক্রবার বিক্রম চট্টোপাধ্যায় প্রযোজিত ‘তারকাটা’ ওয়েব সিরিজের শুটিং ফ্লোরে ফের দেখা গেল অভিনেত্রীকে।

গত ২৯ মার্চ এই সিরিজের শুটিং চলাকালীনই স্বামীর মৃত্যুসংবাদ পেয়ে মাঝপথে কাজ ছেড়ে ছুটে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। ফলে সিরিজের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য অসম্পূর্ণ রয়ে যায়। সেই কাজ শেষ করতেই নির্ধারিত সময়ের আগেই শুটিংয়ে যোগ দেন তিনি। পরিচালনায় রয়েছেন শমীক রায়চৌধুরী, যেখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।


এই কঠিন সময়ে তাঁর শুটিংয়ে উপস্থিতি ঘিরে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একাংশ যেমন তাঁর শোক প্রকাশের ধরন নিয়ে প্রশ্ন তোলে, অন্যদিকে বহু অনুরাগী তাঁর পাশে দাঁড়িয়ে সাহস জুগিয়েছেন। শুটিং ফ্লোর থেকে প্রকাশ্যে আসা একটি ভিডিওতে দেখা যায়, বিষণ্ণ মুখে চিত্রনাট্য হাতে নিজের দৃশ্যের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী—যা দেখে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরা। কেউ বললেন, ‘সহজের জন্য এই লড়াই তোমাকেই জিততেই হবে’, আবার কারও মন্তব্য, ‘কাজে ব‍্যস্ত থাকলে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকবে তুমি। যেটা এই মুহূর্তে তোমার সবথেকে বেশি দরকার।’ কেউ বা সহজ-প্রিয়াঙ্কার মানসিক শক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনায় রত হয়েছেন।

আসলে বিগত বারো দিনে প্রিয় মানুষকে হারানোর পর যেন শোকপ্রকাশের সুযোগটুকুও যেন পাননি প্রিয়াঙ্কা! রাহুলের রহস্যমৃত্যুর কারণ উন্মোচনের লক্ষ্যে গত কয়েকদিনে ছুটেছেন বিভিন্ন জায়গায়, তেমনই অন্যদিকে পরিবারের পাশে থেকেছেন তিনি। একই সঙ্গে ছেলে সহজের দায়িত্বও একা কাঁধে তুলে নিয়েছেন। ব্যক্তিগত শোককে আড়ালে রেখে, নিজের লড়াই চালিয়ে যাওয়ার এই মানসিক দৃঢ়তাই যেন নতুন করে অনুপ্রাণিত করছে অনেককেই। প্রিয়াঙ্কা সরকারের এই প্রত্যাবর্তন শুধুই কাজের প্রতি দায়বদ্ধতা নয়, বরং জীবনের কঠিন বাস্তবতার সামনে মাথা নত না করার এক শক্ত বার্তাও বহন করছে। 

You might also like!